দারুণ ছন্দে এগিয়ে চলা জুভেন্তাস ম্যাচের শুরুর দিকে এগিয়ে গিয়েও একসময় পিছিয়ে পড়েছিল। জেগেছিল আসরে প্রথম হারের শঙ্কা। শেষ পর্যন্ত ক্রিশ্চিয়ানো রোনালদোর পেনাল্টি গোলে সাসুলোর বিপক্ষে ড্রয়ের স্বস্তিতে মাঠ ছেড়েছে মাওরিসিও সারির দল। ঘরের মাঠে গতকাল রোববার স্থানীয় সময় দুপুরে সিরি ‘এ’ ম্যাচটি ২-২ গোলে ড্র করেছে জুভেন্তাস। এবারের লিগে এখন পর্যন্ত একমাত্র দল হিসেবে অপরাজিত রয়েছে টানা আটবারের চ্যাম্পিয়নরা। ১৪ ম্যাচে ১১ জয় ও তিন ড্রয়ে ৩৬ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে জুভেন্তাস। তবে এখানে পয়েন্ট হারানোয় শীর্ষস্থান হারানোর শঙ্কায় পড়ে গেছে দলটি। দিনের পরের ম্যাচে স্পালের বিপক্ষে ঘরের মাঠে জিতলে শীর্ষে উঠে যাবে ইন্টার মিলান।
