কিশোরগঞ্জে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি ফুটবল শুরু

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২০:৪৮

কিশোরগঞ্জ জেলা দলের জয়ে শুরু হয়েছে সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি গোল্ডকাপ ফুটবল। জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থপানায় ও খান ব্রাদার্স গ্রুপের পৃষ্ঠপোষকতায় গতকাল রবিবার বিকালে কিশোরগঞ্জ পুরাতন  স্টেডিয়ামে স্বাগতিকরা ৪-০ গোলে জামালপুর জেলা দলকে হারায়। বিজয়ী দলের আফছার দুটি এবং সোলেমান ও জুলফিকার অপর দুই গোল করেন। মাঠভর্তি হাজার হাজার দর্শক খেলাটি উপভোগ করেন।

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক খেলাটি উদ্বোধন করেন। এ সময় নুর মোহাম্মদ এমপি, রেজওয়ান আহম্মেদ তৌফিক এমপি, জেলা প্রশাসক মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, খান ব্রাদার্স গ্রপের ব্যবস্থাপনা পরিচালক তোফায়েল কবির খান, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল ইসলাম শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট  এম এ আফজল, প্রমুখ উপস্থিত ছিলেন। মরহুম সৈয়দ আশরাফুল ইসলামের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য খেলা শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হয়।  মোট আটটি  জেলা দল  এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।

আজকের (সোমবার) খেলা : ময়মনসিংহ জেলা দল বনাম গাজীপুর জেলা দল।