লিভারপুল গত শনিবার রাতে ব্রাইটনকে ২-১ গোলে হারিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে ১১ পয়েন্টের ব্যবধান গড়েছে। এরপরও বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা জানিয়েছেন তার দল শেষ পর্যন্ত লড়বে।
ম্যানচেস্টার সিটি এদিন নিউক্যাসলের মাঠে ২-২ গোলে ড্র করে আরো পিছিয়ে পড়ে। অপরদিকে শীর্ষ চারের লড়াইয়ে থাকা অপর দলগুলোর মধ্যে চেলসি নিজ মাঠে ওয়েস্ট হ্যামের কাছে পরাজিত হয়। তবে কোচ হোসে মরিনহো দায়িত্ব নেওয়ার পর টটেনহ্যাম হটস্পার জয়ের ধারা অব্যাহত রেখেছে।
কোচ য়ুর্গেন ক্লপের দল টানা জয়ের মধ্যে থাকলেও এদিন তাদের গোলরক্ষক অ্যালিসন লালকার্ড পেয়ে বহিষ্কৃত হন। পেনাল্টি বক্সের বাইরে গিয়ে হ্যান্ডবল করায় লালকার্ড পান তিনি। এর ফলে আগামী বুধবার এভার্টনের বিরুদ্ধে খেলতে পারবেন না ব্রাজিলের এ গোলরক্ষক।
ক্লপের দল খেলাটিতে ১৮ ও ২৪তম মিনিটে ভার্জিল ফন ডাইকের জোড়া হেডে ২-০ ব্যবধান গড়ে নিয়েছিল দলটি। কিন্তু অ্যালিসনের মাঠ ছাড়া হওয়ার পর সফরকারীরা সুযোগ পেলেও এক গোলের বেশি করতে পারেনি।
এ জয়ের ফলে লিভারপুল ৩১ খেলায় অপরাজিত থাকায় তাদের পুরোনো রেকর্ডটির পুনরাবৃত্তি করল। ১৯৮৭ সালের মে থেকে ১৯৮৮র মার্চ পর্যন্ত অলরেডরা এ রেকর্ডটি গড়ে।
জয়ের পর ক্লপ খেলাটির শেষদিকে বিপক্ষের রুখে দাঁড়ানো প্রসঙ্গে বলেন, ‘এটা অপ্রয়োজনীয় ছিল। অবশ্যই, কেননা আমরা অনেক অবিশ্বাস্য সুযোগ পেয়েছিলাম। তাদের গোলরক্ষক অনেকগুলো আক্রমণ ভালোভাবে রুখে দিয়েছিল।’ তিনি আরো বলেন, ‘এটা ছিল কঠিন খেলা। কারণ ব্রাইটন একটা ভালো ফুটবল দল। তারাও অনেকক্ষণ বল নিয়ন্ত্রণে রেখেছিল এবং আমাদের কাজটা সত্যি কঠিন ছিল। ব্যস্ত একটা সপ্তাহ শেষে ছেলেরা এটা সামাল দেওয়ার জন্য প্রস্তুত ছিল, আমার তা ভালো লেগেছে।’
সিটি অবশ্য দুবারই এগিয়ে গিয়েও তা ধরে রাখতে পারেনি। ফলে কোচ গার্দিওলার দলের শিরোপা ধরে রাখার প্রয়াস ভালোরকমে হোঁচট খেল। পরিস্থিতি যা তাতে এটা হতে যাচ্ছে স্পানিশ কোচটির ক্যারিয়ারের সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ।
ইউরোপের শীর্ষ লিগগুলোর শিরোপা জেতা গার্দিওলাকে এর আগে কখনোই ১১ পয়েন্টের চ্যালেঞ্জ টপকাতে হয়নি। অথচ লিভারপুল ও সিটি এখন এ দূরত্বে দাঁড়িয়ে। তাই খেলা শেষে সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ কোচ বলেন, ‘আমাদের খেলায় জিততে হবে, খেলায় জিততে হবে, খেলায় জিততে হবে। আপনি যখন জিততে পারবেন না, তখন ব্যাপারটা জটিল হয়ে পড়ে।’
গার্দিওলা অবশ্য গেল মৌসুমের শেষদিকে লিভারপুলের চেয়ে ১০ পয়েন্টে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছিলেন। কিন্তু এবার এখনো লিগের ২৪টি করে খেলা বাকি।
