মুক্তিযোদ্ধাদের কারণেই স্বাধীন রাষ্ট্র পেয়েছি

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২১:৫৮

মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে জাতির শ্রেষ্ঠ সন্তানরা এ দেশ স্বাধীন করেছিল। মুক্তিযোদ্ধাদের কারণেই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। কক্সবাজারে বিজয়ের মাসের প্রথম দিনে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান মহান মুক্তিযুদ্ধে প্রত্যক্ষ অংশগ্রহণকারী বীর মুক্তিযোদ্ধাদের জেলা পুলিশ কর্তৃক দেওয়া সংবর্ধনায় বক্তারা এসব কথা বলেছেন।

কক্সবাজার জেলা পুলিশ লাইন্সের গ্রিল শেডে পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেনের সভাপতিত্বে সংবর্ধনায় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন। সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন, সাবেক প্রাদেশিক পরিষদ সদস্য ও সাবেক জেলা গভর্নর বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট জহিরুল ইসলাম। অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, আশেক উল্লাহ রফিক, মহিলা সংসদ সদস্য কানিজ ফাতেমা মোস্তাক, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজারের জেলা প্রশাসক মো. কামাল হোসেন, কক্সবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, মুক্তিযোদ্ধা কামাল হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ শাহজাহান প্রমুখ।

পুলিশ সুপার এ বি এম মাসুদ হোসেন বলেন, মুক্তিযোদ্ধারা আমাদের ডাকে সাড়া দেওয়ায় আমরা সম্মানিত বোধ করছি। স্বাধীনতার এই বীর সেনানীদের সংবর্ধনা দিতে পেরে আমরা গর্বিত।

শেষে মুক্তিযোদ্ধাদের সম্মানে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। সংবর্ধনায় মুক্তিযোদ্ধা, প্রয়াত মুক্তিযোদ্ধাদের স্ত্রী, সন্তানসহ দুই শতাধিক লোক অংশ নেন।