ঝিনাইদহের গৃহবধূ কুষ্টিয়ায় খুন

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২২:০২

কুষ্টিয়ার মিরপুর উপজেলার নওদাপাড়া গোরস্থানের পাশ থেকে ঝিনাইদহের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার শাহিনা খাতুন নামের ঐ গৃহবধূর লাশ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ছোটো ধলহরাচন্দ্র গ্রামের মাহবুবুল মণ্ডলের স্ত্রী। শৈলকুপার গৃহবধূ কুষ্টিয়ায় কীভাবে খুন হলো সে সম্পর্কে পুলিশের কাছে কোনো তথ্য নেই। মিরপুর থানার ওসি আবুল কালাম বলেন, স্থানীয় লোকজন গোরস্থানের পাশে লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। লাশের গলায় ওড়না প্যাঁচানো ছিল। এছাড়া দুই হাত পিছমোড়া দিয়ে বাঁধা ও মুখ বাঁধা ছিল। শ্বাসরোধে হত্যার পর গোরস্থানের পাশে লাশ ফেলে রাখা হয় বলে পুলিশের ধারণা। তদন্তে সব কিছু বেরিয়ে আসবে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।