বিজয়ের মাসের প্রথম প্রভাত উদ্যাপন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) সংবাদদাতা উল্লাপাড়া সানফ্লাওয়ার স্কুলে বিজয়ের মাসের প্রথম প্রভাত উদ্যাপন হয়েছে আজ ১ ডিসেম্বর। সকালে প্রাতঃসমাবেশে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা। স্কুলের প্রধান শিক্ষক কল্যাণ ভৌমিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাঙ্গালা ইউপি চেয়ারম্যান সোহেল রানা, ব্যবসায়ী সুজিত ঘোষ, সিনিয়র শিক্ষক সাইদুর রহমান প্রমুখ।
মত্স্যজীবী সমিতির সদস্যদের আর্থিক সহায়তা প্রদান
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা পাইকগাছার মত্স্যজীবী সমবায় সমিতির সদস্যদের জীবনমান উন্নয়নে রবিবার আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। উত্তরণ কার্যালয়ে সংস্থার অপ্রতিরোধ্য প্রকল্পের আওতায় উপজেলা ধামরাইল মত্স্যজীবী সমবায় সমিতির সদস্যদের মধ্যে আর্থিক সহায়তা হিসেবে নগদ প্রায় ২০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি কমিটির সভাপতি জি এম এম আজাহারুল ইসলাম, উত্তরণের সেন্টার ম্যানেজার মাহফুজা সুলতানা, সেলিম আহমেদ প্রমুখ।
আমন ধান ক্রয়ে লটারির মাধ্যমে কৃষক নির্বাচন
ডুমুরিয়া (খুলনা) সংবাদদাতা আমন ধান সংগ্রহ অভিযানের আওতায় দৈবচয়ন ভিত্তিতে লটারির মাধ্যমে কৃষক নির্বাচনের জন্য ডুমুরিয়ার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে রবিবার সভার আয়োজন করা হয়। উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সঞ্জিত দাসের সভাপতিত্বে সাবেক মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি কৃষক নির্বাচনের লটারি উদ্বোধন করেন। খাদ্যশস্য ক্রয় কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।
জাতীয় পতাকা মিছিল ও সমাবেশ
নরসিংদী প্রতিনিধি দেশের সামাজিক অস্থিরতা, নারী-শিশু নির্যাতন, জঙ্গিবাদ ও সাম্প্রদায়িক শক্তির ক্রমবর্ধমান ষড়যন্ত্র, দুর্নীতি এবং নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ার তত্পরতা প্রতিরোধের মানসে রবিবার নরসিংদীতে জাতীয় পতাকা মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়। সম্মিলিত সামাজিক আন্দোলন নরসিংদী জেলার পক্ষ থেকে জাতীয় পতাকা হাতে নিয়ে নরসিংদী প্রেসক্লাবের সামনে থেকে মিছিল শুরু হয়। এর আগে সমাবেশে নরসিংদী জেলা সম্মিলিত সামাজিক আন্দোলনের সভাপতি নিবারণ রায়ের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট সদস্য মুক্তিযোদ্ধা রঞ্জিত কুমার সাহা, নরসিংদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের জেলা প্রতিনিধি মো. নুরুল ইসলাম, শ্রমিক নেতা আব্দুল জাব্বার প্রমুখ।
রাতব্যাপী লালন স্মরণোত্সব
কেন্দুয়া (নেত্রকোনা) সংবাদদাতা ষষ্ঠতম গুরু পদার্পণ দিবস উপলক্ষ্যে কেন্দুয়ায় রাতব্যাপী লালন স্মরণোত্সব অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যা থেকে রাতব্যাপী উপজেলার চিরাং ইউনিয়নের চিথোলিয়া গ্রামের আব্দুল হালিম চিশতীর বাড়িতে তরিকতে আহলে বাইত সংগঠন কেন্দুয়া শাখার আয়োজনে এ উত্সব অনুষ্ঠিত হয়। উত্সব উদ্বোধন করেন কেন্দুয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুজ্জামান। এ সময় স্বাগত বক্তব্য রাখেন তরিকতে আহলে বাইত সংগঠনের কেন্দুয়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হালিম চিশতী। তরিকতে আহলে বাইত সংগঠনের সদস্য আব্দুল বারীর সভাপতিত্বে ও কেন্দুয়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক সমরেন্দ্র বিশ্ব শর্মার পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মুক্তিযোদ্ধা মো. শাহজাহান মিয়া।
বাল্যবিবাহ, মেয়েদের উত্ত্যক্তকরণ ও যৌন হয়রানি বন্ধে কর্মশালা
পলাশ (নরসিংদী) সংবাদদাতা পলাশের চরসিন্দুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে রবিবার চলনা মাধ্যমিক বিদ্যালয়ের স্কুলশিক্ষার্থীদের বাল্যবিবাহ, মেয়েদের উত্ত্যক্তকরণ যৌন হয়রানি, স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্কুল মাঠে আয়োজিত কর্মশালায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহরাব হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন। এ সময় আরো বক্তব্য রাখেন চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন রতন, চরসিন্দুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন প্রমুখ।
দেবীগঞ্জ প্রেসক্লাবের নবনির্মিত ঘর উদ্বোধন
দেবীগঞ্জ (পঞ্চগড়) সংবাদদাতা পৌরসভার অর্থায়নে নবনির্মিত দেবীগঞ্জ প্রেসক্লাব ঘরের উদ্বোধন করা হয়েছে রবিবার। ঘর উদ্বোধন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক প্রত্যয় হাসান। এ উপলক্ষ্যে প্রেসক্লাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা এ সময় সাংবাদিকদের কথা ধৈর্য সহকারে শোনেন এবং প্রেসক্লাবে একটি কম্পিউটার, ফ্রি ওয়াই ফাই সংযোগ ও প্রয়োজনীয় ফার্নিচার দেওয়ার কথা বলেন। প্রেসক্লাবের সহ-সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক ইত্তেফাকের দেবীগঞ্জ সংবাদদাতা জাকির হোসেন কবির, সহসভাপতি ও দেবীগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান, প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম এনামুল হক প্রধানের স্ত্রী মর্জিনা বেগম ও দেবীগঞ্জ এলজিইডির উপসহকারী প্রকৌশলী রাশেদুল ইসলাম জুয়েল।
পূর্ণ টিকা প্রাপ্তি নিশ্চিতকরণ কার্যক্রম উদ্বোধন
কামারখন্দ (সিরাজগঞ্জ) সংবাদদাতা কামারখন্দে রবিবার পূর্ণ টিকা প্রাপ্তি নিশ্চিতকরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে কার্যক্রমের উদ্বোধন করা হয়। সিভিল সার্জন ডা. মো. জাহিদুল ইসলামের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম শহিদুল্লাহ সবুজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফারুক হোসেন প্রমুখ।
বৃক্ষের বৈজ্ঞানিক নামকরণ কাজের উদ্বোধন
নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা নাচোলে রবিবার (সাবেক ইউএনও) আবু তাহের মুহাম্মাদ জাবের বিজ্ঞান ক্লাব ও ইংলিশ লার্নার সোসাইটির (ইএলএস) আয়োজনে বৃক্ষের বৈজ্ঞানিক নামকরণ এবং গাছ থেকে পেরেক, ফেস্টুন ও ব্যানার অপসরণ কাজের উদ্বোধন করা হয়েছে। উপজেলা শিশু পার্কে ইএলএস এর সভাপতি আব্দুর রউফের সভাপতিত্বে উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের। সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবিহা সুলতানা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান, মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ ওবাইদুর রহমান প্রমুখ।
মাদকবিরোধী মানববন্ধন
জয়পুরহাট প্রতিনিধি জয়পুরহাটে রবিবার মাদক বিরোধী মানববন্ধন ও পৌরসভার ময়লা অপসারণ বিষয়ক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। শহরের কেন্দ্রীয় মসজিদ চত্বরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল রাজশাহী বিভাগীয় কো-অর্ডিনেটর আফসানা বেবী, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান টিটো, জাতীয় পার্টির তিতাস মোস্তফা প্রমুখ। পরে জয়পুরহাট পৌরসভা মিলনায়তনে একই সংগঠনের আয়োজনে পৌরসভার ময়লা এবং বর্জ্য অপসারণ বিষয়ক প্রেস ব্রিফিংএ বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর মুশফিকুল আলম বুলু।
নওগাঁয় মুক্তিযোদ্ধা দিবস পালিত
নওগাঁ প্রতিনিধি র্যালি, সমাবেশ ও আলোচনা সভার মধ্য দিয়ে রবিবার নওগাঁয় মুক্তিযোদ্ধা দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ জেলা ইউনিটের আয়োজনে মুক্তিযোদ্ধা সংসদ চত্বর থেকে র্যালি বের হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হারুন অল-রশীদ, সাবেক ডেপুটি কমান্ডার আফজাল হোসেন, সদর উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম সামদানি, মুক্তিযোদ্ধা ময়নুল হক মুকুল, মুক্তিযোদ্ধা মিরাজ আনসারী, মুক্তিযোদ্ধা ফারুক প্রমুখ বক্তব্য রাখেন।
উগ্রবাদ দমনে স্পষ্ট ধারণাবিষয়ক সেমিনার
পাবনা প্রতিনিধি পাবনায় ‘জঙ্গিবাদ বিষয়ে সচেতনতা ও উগ্রবাদ দমনে স্পষ্ট ধারণা’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের আয়োজনে রবিবার পাবনা পুলিশ লাইনস্ শহিদ মুক্তিযোদ্ধা এএসআই আব্দুল জলিল মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক কবীর মাহমুদ। অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাসের সভাপতিত্বে জঙ্গিবাদ বিষয়ে মূল বক্তব্য তুলে ধরেন কাউন্টার টেরোরিজম ইউনিটের এডিসি আহমেদুল ইসলাম পিপিএম বার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান রেজাউল রহিম লাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জাহেদ নেওয়াজ, প্রেসক্লাবের সভাপতি প্রফেসর শিবজিত নাগ প্রমুখ।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘের উপজেলা শাখা কমিটি গঠন
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা বাংলাদেশ প্রগতি লেখক সংঘের বানারীপাড়া উপজেলা শাখা কমিটি গঠন করা হয়েছে শনিবার সন্ধ্যায়। স্থানীয় সাংস্কৃতিক সংগঠন নতুন মুখ মিলনায়তনে প্রগতিশীল লেখকদের উপস্থিতিতে সভায় সভাপতিত্ব করেন বিশিষ্ট সাহিত্যিক ও মুক্তিযুদ্ধকালীন বেস কমান্ডার বেণী লাল দাস গুপ্ত। লেখক এস মিজানুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন বানারীপাড়া পৌর মেয়র অ্যাডভোকেট সুভাষ চন্দ্র শীল, বাংলাদেশ প্রগতি লেখক সংঘের কেন্দ্রীয় প্রতিনিধি অপূর্ব গৌতম, বরিশাল জেলা কমিটির সভাপতি সালেহ মোহাম্মদ শেলী, সম্পাদক শোভন কর্মকার প্রমুখ। আলোচনা শেষে বাংলাদেশ প্রগতি লেখক সংঘের বানারীপাড়া শাখার আহ্বায়ক লেখক ও ইত্তেফাক প্রতিনিধি এস মিজানুল ইসলাম এবং ছড়াকার মামুন আহম্মেদকে সদস্য সচিব নির্বাচিত করে ২১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।
