ছাতকের পল্লিতে বিল শুকিয়ে মাছ ধরাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে মধ্যস্থতাকারীসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহত শামছুল হককে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রবিবার উপজেলার চরমহল্লা ইউনিয়নের জানিয়ার হাওরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়নের শেওতরচর গ্রামের মৃত আব্দুল মতলিবের পুত্র লিলু মিয়া ও শাহারচর গ্রামের মৃত হারিছ আলীর পুত্র আব্দুল হকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গতকাল জানিয়ার হাওরে পাম্প দিয়ে পানি শুকিয়ে মাছ ধরার চেষ্টা করে আব্দুল হক। বিল শুকিয়ে গেলে এ হাওরের বোরো ফসল চাষে পানি সেচের সংকট হবে মনে করে কৃষকদের পক্ষে বাধা দেয় লিলু মিয়া। এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে বিকালে উভয় গ্রামবাসী সংঘর্ষে জড়িয়ে পড়ে।
