জলবায়ু পরিবর্তন নিয়ে সচেতনতামূলক প্রতিবেদনের জন্য জাতিসংঘ করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের ‘দ্যা প্রিন্স আলবার্ট টু অব মোনাকো অ্যান্ড ইউএনসিএ গ্লোবাল প্রাইজ’ ২০১৯ স্বর্ণপদক জিতেছেন ‘দি ফিন্যান্সিয়াল এক্সপ্রেস’র অর্থনৈতিক সম্পাদক এ জে এম আনাস। আনাস একইসঙ্গে দি হিউম্যানিটিরিয়ান পত্রিকায় খণ্ডকালীন সাংবাদিক হিসেবেও কাজ করছেন। জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা বাংলাদেশের নদীগুলোর মারাত্মক পরিবেশগত ঝুঁকি নিয়ে একটি ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেন আনাস যা অর্থনৈতিক মন্দা ও অনিয়ন্ত্রিত অভিবাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে ইউএনসিএর প্রতিবেদনে বলা হয়। ইউএনসিএ (জাতিসংঘ করেসপন্ডেনস অ্যাসোসিয়েশন) প্রতি বছর জাতিসংঘ, এর অঙ্গীভূত সংস্থা ও এর লক্ষ্যমাত্রার ওপর তৈরি করা সেরা প্রতিবেদনগুলোর ওপর ভিত্তি করে পুরস্কার প্রদান করে থাকে। —প্রেস বিজ্ঞপ্তি
