শেখ হাসিনার সাহসী নেতৃত্বে সব ক্ষেত্রে অগ্রগতি হয়েছে --------------নাসিম

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২২:১৯

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বাংলাদেশের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মতো একজন দৃঢ়চেতা, সাহসী নেতৃত্বের প্রয়োজন ছিল। জনগণের নেত্রী ও একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে তার কঠোর শাসনের কারণে বঙ্গবন্ধু হত্যা, জেলহত্যা ও একাত্তরের ঘাতকদের বিচার করা সম্ভব হয়েছে। শুধু তাই নয়, তার সাহসী নেতৃত্বের কারণে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ সব ক্ষেত্রে বিস্ময়কর অগ্রগতি হয়েছে। যা বিশ্বব্যাপী প্রশংসিত।

গতকাল রবিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু অ্যাভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ২১তম জাতীয় কাউন্সিলকে সফল করার লক্ষ্যে গঠিত অভ্যর্থনা উপ-কমিটির সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়তা ও আপসহীনতার কারণে দেশে জঙ্গি দমন হয়েছে। শেখ হাসিনার মতো একজন দেশপ্রেমিক নেতা আছেন বলেই দেশ সার্বিকভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে। এদেশের জন্য দীর্ঘ সময় তার নেতৃত্ব বড়োই প্রয়োজন। অসাম্প্রদায়িক সুখি-সমৃদ্ধ দেশ গড়তে শেখ হাসিনার কোনো বিকল্প এখন নেই। আমাদের বিশ্বাস, ভবিষ্যতে শেখ হাসিনা জনগণের ভালোবাসা ও সমর্থন অব্যাহতভাবে পেয়ে যাবেন।

মোহাম্মদ নাসিম বলেন, আওয়ামী লীগের আসন্ন কাউন্সিলে শেখ হাসিনার নেতৃত্বে একটি গতিশীল নেতৃত্ব সৃষ্টি হবে। যেখানে নবীন-প্রবীণের সমন্বয় থাকবে। সভায় অভ্যর্থনা উপ-কমিটির সদস্য সচিব ডা. দীপু মনি, লে. কর্নেল (অব.)  ফারুক খান বক্তব্য রাখেন।