যুক্তরাষ্ট্রে একটি বিমান বিধ্বস্ত হয়ে ৯ জন নিহত হয়েছেন। এদের মধ্যে পাইলটসহ দুই শিশুও রয়েছেন। শনিবার বিমানটি যাত্রা করার কিছুক্ষণ পরই বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। খারাপ আবহাওয়ার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে অ্যারিজোনা অঙ্গরাজ্যে প্রবল বৃষ্টিতে সৃষ্ট বন্যায় দুইজনের মৃত্যু হয়েছে। খবর সিএনএনের
সাউথ ডাকোটার চেম্বারলেইন বিমানবন্দর থেকে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমান পরিবহন সংস্থার মুখপাত্র লিন লুনসফোর্ড জানান, প্লেনে ১২ জন আরোহী ছিলেন। এদের মধ্যে পাইলটসহ ৯ জনের মৃত্যু হয়েছে। মুখপাত্র জানান, শীতকালীন আবহাওয়ার কারণে বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। তিনি জানান, দ্য পিলেটাস পিসি-১২ এয়ারক্র্যাফটির আইডাহোতে যাওয়ার কথা ছিল। ব্রুলি বাফেলো কাউন্টি ইমার্জেন্সি ডিস্ট্রিক্ট জানিয়েছে, আবহাওয়ার কারণেই দুর্ঘটনা। জাতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, সাউথ ডাকোটায় এক ইঞ্চি পরিমাণ বরফ পড়েছে। এক মাইলের বেশি এলাকাজুড়ে কিছু দেখা যায় না।
বন্যায় মৃত ২
অ্যারিজোনায় প্রচণ্ড বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় দুইজনের মৃত্যু হয়েছে। ফিনিক্সের বাইরে বনের মধ্যে গাড়ি ধাক্কা খেলে হতাহতের ঘটনা ঘটে। একজন নিখোঁজ রয়েছেন। হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকর্মীরা শিশুসহ ৫ জনকে উদ্ধার করেছে।
