বরিশালে লঞ্চ চলাচল স্বাভাবিক

আপডেট : ০১ ডিসেম্বর ২০১৯, ২২:২২

১১ দফা দাবিতে নৌযান শ্রমিকদের শুরু করা কর্মবিরতি? প্রত্যাহার করায় বরিশালে লঞ্চ চলাচল শুরু হয়েছে। গতকাল রবিবার সকাল থেকে বরিশাল ও ঝালকাঠী জেলার অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল শুরু হয়। পাশাপাশি বরিশাল থেকে ভোলা, লক্ষ্মীপুর রুটেও লঞ্চ চলাচল শুরু হয়েছে। এতে কমেছে যাত্রীদের ভোগান্তি। লঞ্চ চলাচল শুরু হওয়ার বিষয়টি না জানার কারণে সকাল থেকে বরিশাল নদীবন্দরে যাত্রীদের চাপ কিছুটা কম রয়েছে।

বরিশাল নদীবন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু সরকার বলেন, সকাল থেকে যথানিয়মে লঞ্চ চলাচল করছে। রাতে ঢাকার উদ্দেশে যাত্রীবাহী লঞ্চগুলো রওয়ানা দিবে। মালিকদের কাছে ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে এই বছরের মধ্যে তৃতীয়বার ধর্মঘটের ডাক দেয় নৌযান শ্রমিক ফেডারেশন। তারই অংশ হিসেবে শুক্রবার দিনগত রাত ১২টা ১ মিনিট থেকে কর্মবিরতি শুরু করে শ্রমিকরা। যে কর্মবিরতি শনিবার রাত ১২টার দিকে প্রত্যাহার করে নেওয়া হয়।