আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সড়ক পরিবহন আইন ও রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থী বাসচাপায় নিহতের মামলার রায় দুটোই সড়কের নিরাপত্তা ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে। তিনি বলেন, আমাদের প্রধান উদ্দেশ্য সড়ককে নিরাপদ করা এবং সড়ক পরিবহন আইনকে সবার কাছে গ্রহণযোগ্য করা। গতকাল রবিবার রায় নিয়ে গুলশানের আবাসিক অফিসে দেওয়া এক প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, বিচারিক আদালত এ মামলার আসামিদের সব আইনি অধিকার দিয়ে এবং আইনের সব প্রক্রিয়া সম্পন্ন করে বিচারকাজ শেষ করে রায় দিয়েছেন। এ মামলা হাইকোর্টে দ্রুততার সঙ্গে শেষ করতে যা যা করণীয় তা করা হবে। এ মামলার পেপারবুক তৈরি হওয়ামাত্র উচ্চ আদালতে শুনানির তালিকায় আনার চেষ্টা করা হবে। তিনি বলেন, এ মামলার বিচারের মধ্য দিয়ে আমরা বিচারহীনতার সংস্কৃতিকে পেছনে ফেলার আরেকটা মাইলফলক পার হলাম।
এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে আইনমন্ত্রী বলেন, নুসরাত হত্যার তদন্ত ও এর দ্রুত বিচার নিষ্পত্তির ঘটনা আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটে একটি যুগান্তকারী মাইলফলক হয়ে থাকবে। নুসরাত হত্যার বিচার দ্রুত নিষ্পত্তি করেই আমরা নারীর প্রতি নিপীড়ন বন্ধ করতে না পারলেও অন্ততপক্ষে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের কাজটি শুরু করতে পারব।
