তুরস্ক থেকে পেঁয়াজ আনছে ভারত

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ০০:২৪

মূল্যবৃদ্ধির ঝাঁঝে চোখে জল মধ্যবিত্তের। এমন পরিস্থিতিতে তুরস্ক থেকে ১১ হাজার টন পেঁয়াজ কেনার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার। রাষ্ট্রায়ত্ত সংস্থা এমএমটিসি’র মাধ্যমে এই অর্ডার দেওয়া হয়েছে। এর আগে মিশর থেকে ৬ হাজার ৯০ টন পেঁয়াজ কেনার চুক্তি হয়। সেই পেঁয়াজ ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই আসার কথা। গত কয়েকদিনে দেশের সর্বত্র পেঁয়াজের দাম আকাশ ছুঁয়েছে। কলকাতাসহ দেশের প্রধান শহরগুলোতে পেঁয়াজের দাম সেঞ্চুরিও পার করে ফেলেছে। এমন অবস্থায় গত সপ্তাহেই বিদেশ থেকে ১ লাখ ২০ হাজার টন পেঁয়াজ কেনায় অনুমোদন দেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। সেইসঙ্গে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে পেঁয়াজের রফতানিও। দিল্লি সূত্রে জানা গেছে, আগামী বছর জানুয়ারিতে পেঁয়াজ সরবরাহ করবে তুরস্ক। এর আগে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহেই মিশর থেকে পেঁয়াজ এসে পৌঁছাবে মুম্বাইয়ের জওহরলাল নেহেরু বন্দরে। -আনন্দবাজার পত্রিকা