রাজধানীর মিরপুরের দিয়াবাড়ি এলাকায় একটি তুলার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল রবিবার রাত সোয়া ৭ থেকে ঘণ্টাব্যাপী এ আগুনে গোডাউনের মালামাল পুড়ে গেলেও কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে কী কারণে এই আগুনের সূত্রপাত হয়েছে তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুম সূত্র জানায়, গতকাল সন্ধ্যা ৭টা ১২ মিনিটে তুলার গোডাউনে আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, এ অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির বিষয়ে জানা যায়নি। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে সে ব্যাপারে তদন্ত করা হচ্ছে।
