রাবিতে ছিনতাইয়ের ঘটনায় তরুণ গ্রেফতার

আপডেট : ১২ নভেম্বর ২০১৮, ১৯:৩০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছিনতাইয়ের ঘটনায় আব্দুল্লাহ (১৮) নামে এক তরণকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার ছিনতাইয়ের ঘটনায় রাবি ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজুর দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃত আব্দুল্লাহ (১৮) কাজলা বি-পাড়া এলাকার নজরুল শেখের ছেলে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মতিহার থানার অফিসার ইনচার্জ শাহাদাত হোসেন বলেন, রবিবার সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের জুবেরী মাঠের পাশ থেকে এক শিক্ষার্থীর কাছ থেকে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় কাজলা গেইট থেকে এক দরুণকে আটক করে পুলিশ। ওই রাতে তার বিরুদ্ধে রাবির এক ছাত্রলীগ নেতা মতিহার থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন। 

পুলিশ সূত্রে জানা যায়, জুবেরী ভবনের সামনে আমতলায় চিৎকারের আওয়াজ শুনে সেখানে যান বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের প্রশাসক ড. এফ এম আলী হায়দার। তিনি গিয়ে দেখেন একজন কান্না করছে। তার গলায় নাকি ছুরি ধরা হয়েছিলো। তারা এগিয়ে যাওয়া দেখে ছিনতাইকারীরা ততক্ষণে পালিয়ে যায়। সঙ্গে সঙ্গে কাজলা গেইট পুলিশ ফাঁড়িতে বিষয়টি জানান আলী হায়দার। পরে কাজলা গেইটে দায়িত্বরত পুলিশ আব্দুল্লাহকে আটক করে।

পরে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে যায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু।

তিনি বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থলে যায়। সম্প্রতি ক্যাম্পাসে ছিনতাইয়ের ঘটনা অনেক বেড়ে গেছে। পরবর্তীতে যেন এ ধরনের ঘটনা না ঘটে সেজন্য আটককৃত যুবকের বিরুদ্ধে থানায় আমি নিজে বাদী হয়ে মামলা দায়ের করেছি।’

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘ঘটনাটি আমি শুনেছি। বলে দিয়েছি তাকে যেন দ্রুত আইনি ব্যবস্থা নেয়া হয়।’

ইত্তেফাক/বিএএফ