ঢাকার সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের ম্যাগাজিন প্রজ্ঞার সপ্তম সংখ্যার মোড়ক উন্মোচন করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ম্যাগাজিনটির মোড়ক উন্মোচন করা হয়।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.সৈয়দ সামসুদ্দিন আহমেদ, শেরে বাংলা নগর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামাল উদ্দিন আহমেদ, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম রুস্তম আলী, শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ শামীম আল রাজীসহ অনেকে।
অনুষ্ঠানে অধ্যাপক ড.সৈয়দ সামসুদ্দিন আহমেদ বলেন, ম্যাগাজিন হল একটি প্রতিষ্ঠানের দর্পণ। প্রতিষ্ঠানের সারা বছরের কার্যক্রম তুলে ধরা হয় এতে। তিনি আরও বলেন, দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়ে দুবাই ও থাইল্যান্ড থেকে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এবং শ্রেষ্ঠ প্রিন্সিপাল অ্যাওয়ার্ড অর্জন করে সরকারি মোহাম্মদপুর মডেল কলেজ যেভাবে বিশ্ব দরবাবে নিজেদেরকে মেলে ধরতে সক্ষম হয়েছে তা প্রশংসার যোগ্য। অনুষ্ঠানে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এম রুস্তম আলী বলেন, প্রকৃত জ্ঞান চর্চার কোন বিকল্প নেই। শুধু শিক্ষিত হলেই হবে না। ভালো মানুষ হতে না পারলে সে শিক্ষা ব্যর্থ।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আহমেদ শামীম আল রাজী বলেন, আগামীর প্রজন্মকে চিন্তাশীল ও মেধাসম্পন্ন মানুষ হিসেবে গড়তে মাদক এবং গুজবের আগ্রাসন থেকে তাদেরকে মুক্ত রাখতে হবে। বর্তমান সরকারের আমলে শিক্ষার যে উন্নয়ন হয়েছে তা অকল্পনীয়। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠানের অধ্যক্ষ লে. কর্নেল কাজী শরীফ উদ্দিন পদাতিক আমন্ত্রিত অতিথিবৃন্দের সামনে প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন।
এ সময় সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ মো. জহিরুল ইসলাম ও অন্যান্য শিক্ষকমণ্ডলী এবং ছাত্রছাত্রী উপস্থিত ছিলেন।
