বান্দরবানে সপ্তাহব্যাপী বইমেলা চলছে

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২১:৫৪

বান্দরবান প্রতিনিধি

বান্দরবানে সপ্তাহব্যাপী বইমেলা চলছে। গত শনিবার বিকালে বান্দরবান জেলা প্রশাসন চত্বরে জাতীয় গ্রন্থাগার ও জেলা প্রশাসনের উদ্যোগে বইমেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আব্দুল মান্নান ইলিয়াছ, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অসীম কুমার দে, জেলা প্রশাসক দাউদুল ইসলাম,পৌরসভার মেয়র মো. ইসলাম বেবী, জাতীয় গ্রন্থাগারের পরিচালক মিনার মনসুর, বাংলাদেশ সৃজনশীল প্রকাশক সমিতির সহসভাপতি খান মাহাবুব, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন প্রিন্স প্রমুখ উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জাতীয় গ্রন্থাগার ও জেলা প্রশাসনের উদ্যোগে প্রথমবারের মতো বান্দরবানে আয়োজিত সপ্তাহব্যাপী বইমেলায় ৪০টি স্টল স্থান পেয়েছে। তার মধ্যে ৩২টি জাতীয় প্রকাশনা সংস্থার এবং আটটি সরকারি প্রতিষ্ঠানের। মেলা চলবে প্রতিদিন বিকাল থেকে রাত দশটা পর্যন্ত।