চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশের ধোপাছড়ি বাজারের এলজিইডির ক্যাম্প পাড়া সড়কের অবস্থা বেহাল হয়ে পড়েছে। এতে স্থানীয়রা দুর্ভোগে রয়েছেন। সম্প্রতি ঘূর্ণিঝড়ের সময় টানা তিন/চার দিনের বৃষ্টিতে ক্যাম্প পাড়া সড়কটি ধসে পড়ে। প্রায় এক মাস হলেও সড়কটি সংস্কারে উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট বিভাগ।
স্থানীয় ইউপি সদস্য শাহ আলম বলেন, ধোপাছড়ির ক্যাম্প পাড়ার ২০০ পরিবার ভেঙে পড়া সড়কটি দ্রুত সংস্কারের জন্য সংশ্লিষ্ট বিভাগের সুদৃষ্টি কামনা করেছেন। সড়কের বেহাল অবস্থার কথা স্বীকার করে ধোপাছড়ি ইউপি চেয়ারম্যান মোর্শেদুল আলম জানান, সড়কটি সংস্কারের ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।
চন্দনাইশ উপজেলা এলজিইডি প্রকৌশলী রেজাউল নবী বলেন, সড়কের বেহাল অবস্থার বিষয়টি তিনি জেনেছেন। সড়কটি পরিদর্শন করে শিগগিরই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
