বাসের হেলপার আটক
ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে। এ ঘটনায় ঐ বাসের হেলপার মজিবুর রহমানকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা। রবিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের পাশের গাড়ির গ্যারেজের সামনে শিক্ষার্থীদের জন্য ভাড়ায় চালিত অপেক্ষমাণ বাসটিতে এ ঘটনা ঘটে।
জানা যায়, হেলপার মজিবুর বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী এলাকার আট বছরের এক মেয়ে শিশুকে মোবাইলে ভিডিও দেখার প্রলোভন দেখিয়ে বাসের ভেতরে ধর্ষণের চেষ্টা করে। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টের পেয়ে শিশুটিকে উদ্ধার করে হেলপার মজিবুরকে গণধোলাই দেন। পরে প্রক্টরিয়াল বডির কাছে নিয়ে যান।
এ বিষয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের ভেতরে এ ধরনের ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। উপযুক্ত বিচারের জন্য শিশুর বাবাকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার পাশাপাশি অভিযুক্তের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ে চালিত বাস মালিকসহ সংশ্লিষ্ট সকলকে কঠিন সতর্ক করা হবে।
প্রক্টর উজ্জল কুমার জানান, ঘটনা শোনার পরপরই আমরা আসামিকে থানায় সোপর্দ করেছি। শিশুর বাবা বাদী হয়ে ত্রিশাল থানায় মামলা দায়ের করেছে।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ আজিজুর রহমান বলেন, ধর্ষণ চেষ্টার ঘটনায় মজিবুর নামে একজনকে আটক করা হয়েছে। শিশুর বাবা বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দিয়েছে।
