ভ্রাম্যমাণ প্রতিনিধি
ঝিনাইদহে সোমবার থেকে শুরু হয়েছে ৪৫ টাকা কেজি দরে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি। শহরের পায়রা চত্বরে সরকারি বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পেঁয়াজ খোলাবাজারে বিক্রি শুরু করেছে মেসার্স জয় এন্টারপ্রাইজ। পেঁয়াজ বিক্রি শুরু হতেই ক্রেতাদের দীর্ঘ লাইন পড়ে গেছে। প্রতি জন এক কেজি করে মিশরীয় পেঁয়াজ নিয়ে আনন্দে ঘরে ফিরেছেন। দুপুর গড়িয়ে যেতেই ভিড় আরো বেড়ে যায়। ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী এলাকা থেকে আসা বশিরউদ্দিন বলেন, সকালে শহরে কাজে এসেছিলাম। ৪৫ টাকায় এক কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে শুনে লাইনে দাঁড়িয়ে পেঁয়াজ কিনলাম। ঝিনাইদহের জেলা প্রশাসক সরোজ কুমার নাথ জানান, এ জেলায় ৩ টন পেঁয়াজ বরাদ্দ এসেছে। প্রতিদিন ১ টন করে বিক্রি করা হবে।
