মূল হোতাসহ দুই জন গ্রেফতার
g ইত্তেফাক রিপোর্ট
পোলট্রি ফিড মেশিনারি আমদানির নামে ১ হাজার ১৯৭ কোটি টাকা পাচার হয়েছে। এগ্রো বিডি এন্ড জেপি, হেনান আনহুই অ্যাগ্রো এলসি এবং হেব্রা ব্রাঙ্কো নামে তিনটি অস্তিত্বহীন প্রতিষ্ঠান খুলে এ অপকর্মের সঙ্গে জড়িত বেশ কয়েকজনকে চিহ্নিত করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত বিভাগ। গতকাল এই অপকর্মের মূল হোতা দিদারুল আলমসহ দুইজনকে গ্রেফতার করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ।
দুইজনকে আটকের পর গতকাল সন্ধ্যায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কাছে বিস্তারিত তুলে ধরেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. সহিদুল ইসলাম। তিনি বলেন, তিনটি অস্তিত্বহীন প্রতিষ্ঠান খুলে মিথ্যা ঘোষণায় পোলট্রি ফিড মেশিনারি আমদানির ঘোষণা দিয়ে বিপুল পরিমাণে মদ, সিগারেট, ফটোকপিয়ার মেশিন আমদানি করে শুল্ক ফাঁকি দিয়ে ১ হাজার ১৯৭ কোটি টাকা অর্থপাচার করা হয়।
জানা গেছে, গত ৭ নভেম্বর কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর ৪৩১ কোটি ৭৫ লাখ টাকা মানিলন্ডারিংয়ের দায়ে আলোচ্য তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়। একই দিনে ৪৩৯ কোটি ১২ লাখ টাকা এবং ১২ নভেম্বর ২৯০ কোটি ৮৯ লাখ টাকা পাচারের হেব্রা ব্রাঙ্কো নামক প্রতিষ্ঠানের বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয়।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ পর্যন্ত ৮১টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩ হাজার ২শ’ কোটি টাকা পাচারের অভিযোগে মামলা হয়েছে।
