উবারের মোটরসাইকেল থেকে পড়ে আহত কলেজছাত্রীর মৃত্যু

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২২:০৭

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর বিজয় সরণিতে মোটরসাইকেল থেকে পড়ে আহত ইডেন মহিলা কলেজের ছাত্রী আকলিমা আক্তার (২৫) মারা গেছেন। সোমবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গত শনিবার সকালে বিজয় সরণিতে ‘রাইড শেয়ারিং অ্যাপে’ পরিচালিত ‘উবার’ এর একটি মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হন আকলিমা। তিনি ইডেন কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

আকলিমার বাবা আবুল কালাম বলেন, গত শনিবার সকালে বিজয় সরণিতে ‘উবার’ এর মোটরসাইকেল থেকে পড়ে গুরুতর আহত হয় আকলিমা। এরপর তাকে পার্শ্ববর্তী আল রাজি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বলেন, আকলিমা পড়ালেখার পাশাপাশি ফার্মগেটে একটি কোচিং সেন্টারে শিক্ষকতা করতো। সকালে কোচিং সেন্টারে যাওয়ায় জন্য মোটরসাইকেলে ফার্মগেট যাচ্ছিল। বিজয় সরণিতে সিগন্যালে থামে তাকে বহনকারী মোটরসাইকেল। সিগন্যাল ছাড়ার পর মোটরসাইকেল থেকে পড়ে যায় তার মেয়ে। এতে আকলিমার হেলমেট ভেঙে যায়। পরে পথচারীরা তাকে আল রাজি হাসপাতালে আনে। সেখান থেকে তাকে ঢামেক হাসপাতালে হস্তান্তর করা হয়। তিনি বলেন, মেয়ের মৃত্যুর ঘটনায় কোনো মামলা করবেন না। ময়নাতদন্ত ছাড়া লাশ দাফন করতে চান।

আকলিমাকে উদ্ধার করা মোটরসাইকেল চালক সুমনের বরাত দিয়ে ঢামেক পুলিশ ফাঁড়ির এএসআই আব্দুল খান বলেন, কাজীপাড়া থেকে তাকে নিয়ে ফার্মগেটে যাওয়ার পথে বিজয় সরণি মোড়ে ব্যাগ থেকে মোবাইল ফোন বের করতে গিয়ে পড়ে যান আকলিমা।