৭ জনকে আসামি করে দুদকের মামলা
ইত্তেফাক রিপোর্ট
ভুয়া তথ্য ও দলিলের মাধ্যমে বিনিয়োগের আড়ালে ৯৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দি ক্রেডিট ইউনিয়ন লীগ অফ বাংলাদেশ লিমিটেডের (কালব) সাবেক চেয়ারম্যানসহ সাত জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি করা হয়েছে। দুদকের উপসহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম বাদী হয়ে মামলাটি করেন।
আসামিরা হলেন: কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অফ বাংলাদেশ লিমিটেডের (কালব) সাবেক চেয়ারম্যান সাইমন এ প্যারেরা, সাবেক মহাব্যবস্থাপক রতন এফ কস্তা, আরিয়ান কেমিক্যালস লিমিটেডের মালিক মো. ওমর শরীফ, স্বপ্নিল ট্রেডিং করপোরেশনের মালিক মো. জুবাইদুর রহমান, শহীদ ট্রেডিং করপোরেশনের মালিক গাজী শহীদ, হাসান ট্রেডিং করপোরেশনের মালিক হাসান মোড়ল ও মামুন এন্টারপ্রাইজের মালিক মাসুম বিল্লাল। মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৫ সালের অক্টোবর হতে ২০১৯ সালের নভেম্বর পর্যন্ত আসামিরা প্রতারণা ও ক্ষমতার অপব্যবহার করে ভুয়া তথ্য ও দলিল দাখিল করে আরিয়ান কেমিক্যালস লিমিটেডের অনুকূলে শেয়ার ক্রয় ও বিনিয়োগের আড়ালে দি ক্রেডিট ইউনিয়ন লীগ অফ বাংলাদেশ লিমিটেডের (কালব) ৯৭ কোটি টাকা আত্মসাত্ করেছেন। আসামিরা অর্থ স্থানান্তর ও একাধিকবার লেয়ারিংয়ের মাধ্যমে অর্থের উত্স, অবস্থান, মালিকানা ও নিয়ন্ত্রণ গোপন করেছেন যা দণ্ডবিধি এবং ২০১২ সালের মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।
