বিভিন্ন স্থানে ১১ দফা দাবিতে পাটকল শ্রমিকদের বিক্ষোভ

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২২:১৪

মজুরি কমিশন বাস্তবায়ন, সরকারি-বেসরকারি অংশীদারীর সিদ্ধান্ত বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক-কর্মচারীদের পিএফ গ্রাচ্যুইটির টাকাসহ ১১ দফা দাবিতে গতকাল সোমবার খুলনা, নরসিংদী, চট্টগ্রাম ও রাজশাহীতে বিক্ষোভ মিছিল করেছেন পাটকল শ্রমিকরা। ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর—

খুলনা: রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের  উদ্যোগে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি নগরীর খালিশপুর বিআইডিএস রোড, পিপলস মিল গেট, নতুন রাস্তা মোড়, দৌলতপুর বিএল কলেজ গেট হয়ে ক্রিসেন্ট জুট মিল শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় প্লাটিনাম জুবিলি জুট মিলের সিবিএ সভাপতি শাহানা শারমিন, সিবিএ নেতা হুমায়ুন কবির খানসহ বিভিন্ন মিলের শ্রমিক নেতারা বক্তৃতা করেন।

চট্টগ্রাম: আমিন জুট মিলের মেইন গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন পাটকল শ্রমিকরা। এতে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির সদস্য সচিব, আরিফুর রহমান, সিবিএর সাধারণ সম্পাদক মো. মোস্তফা ও নন সিবিএর মো. সামছুল আলম।

স্টাফ রিপোর্টার, রাজশাহী: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কাটাখালী জুট মিলের মেইন গেট থেকে বিক্ষোভ মিছিল বের করেন শ্রমিকরা। এরপর তারা জুট মিলের গেটে ঘণ্টাব্যাপী অবস্থান নিয়ে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন।

নরসিংদী: ইউএমসি জুট মিলের ভেতরে সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ আয়োজিত এ কর্মসূচিতে শত শত শ্রমিক অংশ নেয়। এ সময় শ্রমিকরা মিলের সকল প্রকার কাজ থেকে বিরত থাকে। সমাবেশে ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিনসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।