ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টা সফলে স্বাধীন দেশ উপযোগী মানসিকতা থাকতে হবে ——— আনোয়ার হোসেন মঞ্জু

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২২:২৭

জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেছেন, ভাগ্য পরিবর্তনের প্রচেষ্টাকে সফল করতে হলে মানুষের স্বাধীন দেশ উপযোগী মন-মানসিকতা থাকতে হবে। আমাদের দেশের অধিকাংশ মানুষ স্বাধীনতা ও পরাধীনতার পার্থক্য বুঝতে চান না। একটি স্বাধীন জাতি গঠন ও নিজের বা পরিবারের কল্যাণের জন্য লেখাপড়ার প্রয়োজনীয়তা অপরিসীম।

গতকাল সোমবার বিকালে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার টগড়া বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মঞ্জু আরো বলেন, আমরা এখন স্বাধীন। আমাদের চিন্তা, কথা ও কাজে স্বাধীনতার প্রতিফলন থাকতে হবে। ৪৮ বছর দেশ স্বাধীন হয়েছে, এখন আমাদের সরকারের কাছে অর্থের অভাব নাই। সরকারের কাছ থেকে প্রচুর উন্নয়ন বরাদ্দ পাওয়া যায়। স্বাধীন মানসিকতা নিয়ে এই বরাদ্দের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। যদিও বরাদ্দকৃত অর্থের এক তৃতীয়াংশ প্রশাসনিক ব্যবস্থাপনাগত ক্ষেত্রে চিঠিপত্র চালাচালিতে বিনষ্ট হয়। উপজেলা পর্যায়ে তার পরও যে দুই তৃতীয়াংশ অর্থ ব্যবহূত হয় তাও আবার দায়িত্বশীলতার অভাব, সিদ্ধান্তহীনতা ও বাস্তবায়নের দীর্ঘসূত্রতার কারণে নিশ্চিতভাবে সদ্ব্যবহার হয় না। এ সব কারণে সময়মতো কাজ যাতে সম্পন্ন হয় সে বিষয়ে খোঁজখবর নিতে আমরা ঘন ঘন এলাকায় আসি। পরাধীনতার আমলে বর্তমান সময়ের মতো প্রয়োজনীয় অর্থের যোগান ছিল না। সিংহভাগ অর্থ তত্কালীন পশ্চিম পাকিস্তানের করাচি-পিন্ডিতে চলে যেত বলে সৃষ্ট বৈষম্যের বিরুদ্ধে আমরা লড়াই করে দেশ স্বাধীন করেছি। ন্যায্য হিস্যা-পাওনা আদায়ে আমরা ছাত্র রাজনীতি করেছিলাম। এখন সেই ছাত্র রাজনীতি নেই। ছাত্র নেতারা ঠিকাদারি করে, এই অপেশাদার ঠিকাদারদের কারণে উন্নয়ন কাজ বিঘ্নিত হয়।

জেপি চেয়ারম্যান বলেন, উন্নয়নের জন্য এলাকার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। কাজের প্রশ্নে দলমত ও রাজনীতির ঊর্ধ্বে উঠতে হবে। ভাণ্ডারিয়া-কাউখালীসহ যেসব এলাকায় শৃঙ্খলা রয়েছে, মানুষের মাঝে সহিষ্ণুতা বিদ্যমান সেখানে সড়ক যোগাযোগ, শিক্ষাপ্রতিষ্ঠান, বিদ্যুত্, স্বাস্থ্য, জলবায়ু পরিবর্তনজনিত অভিঘাত মোকাবিলা ইত্যাদি ক্ষেত্রে ধারাবাহিকভাবে উন্নয়ন হচ্ছে। আগে এই ইন্দুরকানী এলাকায় হানাহানি, মামলা-মোকদ্দমা ইত্যাদি কারণে মানুষের মাঝে শান্তির পরিবেশ ছিল না। এখন যতটুকুই উন্নয়ন কাজ হোক না কেন বাসিন্দারা স্বস্তি ও নিরাপত্তার মাঝে দিনাতিপাত করেন। যে কোনো মূল্যে এই পরিস্থিতি অব্যাহত রাখতে হবে।

ইন্দুরকানী উপজেলার টগড়া কামিল মাদ্রাসা, ইন্দুরকানী এফ করিম আলিম মাদ্রাসা, টগড়া বালিকা দাখিল মাদ্রাসা, কলারন চন্ডীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ও ইন্দুরকানী মাধ্যমিক বিদ্যালয় এই পাঁচটি বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক এমপিওভুক্তির সিদ্ধান্তে আয়োজিত এ দোয়া ও শোকরানা অনুষ্ঠান উপলক্ষ্যে সমবেত এলাকাবাসীর উদ্যোগে আনোয়ার হোসেন মঞ্জু এ সব কথা বলেন। পাড়েরহাটের টগড়া বালিকা দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও ইন্দুরকানী উপজেলা জাতীয় পার্টি-জেপির আহ্বায়ক আসাদুল কবির স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন মাদ্রাসার সুপার মাওলানা গিয়াস উদ্দিন সেলিম ও এফ করিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. শাহ আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান, উপজেলা নির্বাহী অফিসার হোসাইন মো. আল মুজাহিদ ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মো. সোলায়মান হোসেন। এ সময় মঞ্চে ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান রুহুল আমীন বাগা, মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা মিলন, পাড়েরহাট ইউপি চেয়ারম্যান ও উপজেলা জেপির কো-আহ্বায়ক গোলাম সরোয়ার বাবুল, জেপির উপজেলা সদস্য সচিব মো. শাহীন হাওলাদার প্রমুখ।

ইন্দুরকানী সংবাদদাতা আহাদুল ইসলাম শিমুল জানান, আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল সোমবার সন্ধ্যায় ইন্দুরকানী উপজেলা পরিষদ প্রাঙ্গণে সাম্প্রতিক ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ক্ষতিগ্রস্ত এলাকার বিভিন্ন পরিবারের মধ্যে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করেন। এ সময় উপজেলার বিভিন্ন আবাসন প্রকল্পের বাসিন্দাদের মধ্যে ঢেউটিন ও নগদ অর্থের চেক বিতরণ করা হয়।

দুস্থ কল্যাণ সংস্থার শীতবস্ত্র বিতরণ

আনোয়ার হোসেন মঞ্জু এমপির উপস্থিতিতে পত্তাশী ইউনিয়নের সুবিধা বঞ্চিত অসচ্ছল পরিবারের মধ্যে দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। পরে দুপুরে বালিপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের সুবিধা বঞ্চিত অসচ্ছল পরিবারের মধ্যে দুস্থ কল্যাণ সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়। সকালে পাড়েরহাট ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়নের সুবিধা বঞ্চিত অসচ্ছল পরিবারের মধ্যেও শীতবস্ত্র বিতরণ করা হয়। বিতরণ কাজে অংশ নেন দুস্থ কল্যাণ সংস্থার উপদেষ্টা এম এ রব্বানী ফিরোজ, সংস্থার কর্মকর্তা কাজী আতাহার আলী ও সংসদ সদস্যের ব্যক্তিগত কর্মকর্তা আতিকুজ্জামান খোকন।

ভাণ্ডারিয়া পৌর এলাকায় গণসংযোগ

ভাণ্ডারিয়া সংবাদদাতা কে এম ফজলুর রহমান জানান, জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি গতকাল সোমবার দুপুরে ভাণ্ডারিয়ার পৌর এলাকায় গণসংযোগ করেন। তিনি এলাকার মুরব্বী ও পৌরবাসীর সঙ্গে কুশলাদি বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক নাজমুল আলম, উপজেলা জেপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক গোলাম সরওয়ার জোমাদ্দার, উপজেলা ভাইস চেয়ারম্যান ও জেপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মৃধা, জেপি নেতা ইউসুুফ আলী আকন, আওয়ামী লীগ নেতা হাফিজুর রশীদ তারেক প্রমুখ।