যুক্তরাষ্ট্রের কয়েকটি মানবাধিকার সংস্থার ওপর নিষেধাজ্ঞা চীনের

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২২:৩০

কয়েকটি মার্কিন মানবাধিকার সংস্থার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে চীন। এছাড়া হংকংয়ে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পরিদর্শনেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গতকাল চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই তথ্য জানিয়ে বলেছেন, হংকংয়ে স্থিতিশীলতা ফেরাতে এবং চীনের সার্বভৌমত্ব টিকিয়ে রাখতে প্রয়োজনে আরো পদক্ষেপ নেওয়া হবে। খবর বিবিসির

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং জানান, যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস ওয়াচ, ফ্রিডম হাউজ, দ্য ন্যাশনাল এনডোমেন্ট ফর ডেমোক্রেসি, দ্য ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট ফর ইন্টারন্যাশনাল অ্যাফায়ার্স এবং দ্য ইন্টারন্যাশনাল রিপাবলিক ইনস্টিটিউটের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তিনি জানান, মার্কিন নৌবাহিনী ও এয়ারক্র্যাফটের হংকং পরিদর্শন করার কথা ছিল। মার্কিন নৌবাহিনী আবেদন করেছিল। সেটি পর্যালোচনা স্থগিত করেছে বেইজিং। তিনি বলেন, প্রয়োজনীয় আরো পদক্ষেপ নেওয়া হবে। মুখপাত্র যুক্তরাষ্ট্রকে ভুল সংশোধন করে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার আহ্বান জানান। হুয়া চুনিং সাংবাদিকদের বলেন, হংকংয়ে অস্থিতিশীলতা তৈরির জন্য মানবাধিকার সংস্থাগুলোর দায় আছে। তাই তাদের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তাদের এর পরিণতি ভোগ করা উচিত। গত এপ্রিলেও মার্কিন নৌবাহিনীর কয়েকটি জাহাজ হংকং পরিদর্শন করেছিল। গত সপ্তাহে হংকংয়ে বিক্ষোভকারীদের সমর্থনে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে দুটি বিল পাশ হয়, যেগুলোতে পরে প্রেসিডেন্ট ট্রাম্প স্বাক্ষর করেন। এই আইনেরই পালটা পদক্ষেপ নিল চীন।