স্পেনে জলবায়ু সম্মেলন শুরু

‘এখন আর পেছনে ফেরার সুযোগ নেই’

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২২:৩৫

বিশ্বের জলবায়ু দ্রুতগতিতে পরিবর্তিত হচ্ছে এবং পৃথিবীজুড়ে নজিরবিহীন দাবানল, বন্যা, সাইক্লোন, খরা এসবের মধ্যে তারই চিহ্ন দেখা যাচ্ছে। এসব নানা উদ্বেগের মধ্য দিয়েই গতকাল স্পেনের রাজধানী মাদ্রিদে শুরু হয়েছে জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলন ‘কপ টুয়েন্টি ফাইভ’। দুই সপ্তাহব্যাপী এই সম্মেলনে অংশ নিচ্ছেন বিশ্বের ২০০টি দেশের প্রতিনিধিরা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্মেলনে থাকছেন না। খবর বিবিসির

গতকাল সম্মেলনের শুরুর দিনে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, বিশ্ব এমন এক অবস্থায় পৌঁছে যাচ্ছে যেখান থেকে ফিরে আসার আর কোন সুযোগ নেই। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবেলায় এতো দিন ধরে যেসব পদক্ষেপ বিশ্ব নেতারা নিয়েছেন সেগুলো একবারেই পর্যাপ্ত নয়।

জাতিসংঘের জলবায়ু বিষয়ক কর্মসূিচর তথ্যে দেখা যাচ্ছে, কার্বন নিঃসরণের মাত্রা ১ দশমিক ৫ এর মধ্যে রাখতে রাষ্ট্রগুলো যেসব পদক্ষেপ নিচ্ছে এবং আসলেই যেসব পদক্ষেপ নেওয়া জরুরি তার মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। গুতেরেস বলেন, খননের মাধ্যমে জ্বালানি আহরণ এখনই বন্ধ করতে হবে এবং এর পরিবর্তে নবায়নযোগ্য এবং জলবায়ু বান্ধব পদ্ধতি অবলম্বন করতে হবে জ্বালানির চাহিদা পূরণে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, জলবায়ু পরিবর্তনের ফলে আফ্রিকায় ক্ষুধার্ত মানুষের সংখ্যা বাড়ছে। ঘূর্ণিঝড় ও খরার কারণে বিশ্বের ৩৩ মিলিয়ন মানুষ খাদ্য নিরাপত্তাহীনতার চরমে পৌঁছেছেন।

সম্মেলনে ২০২০ সালের মধ্যে সব দেশ কিভাবে কার্বন নি:সরণের মাত্রা স্বাভাবিকে আনতে পারেন সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। ধারণা করা হচ্ছে, কার্বন নির্গমন কমানোর জন্য আগে যেসব লক্ষ্য নির্ধারিত হয়েছিল সেই লক্ষ্যমাত্রাগুলো আরো বাড়ানোর প্রশ্নটি আলোচিত হবে এ সম্মেলনে। পরিবেশ বিজ্ঞানী এবং জলবায়ু বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন সমস্যা নয়, এখন এটি জরুরি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে এখনই পদক্ষেপ নিতে হবে বলে মনে করছেন তারা।

থাকছেন না প্রেসিডেন্ট ট্রাম্প

মাদ্রিদের সম্মেলনে ২৯ হাজার প্রতিনিধি অংশ নিলেও থাকছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসিসহ কংগ্রেসের একটি প্রতিনিধি দল অংশ নিচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্প এর আগে ঘোষণা দেন যে প্যারিস চুক্তি থেকে বের হয়ে যাবে যুক্তরাষ্ট্র। ২০২০ সালের ৪ঠা নভেম্বর অর্থাত্ মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের একদিন পরে এবং কপ-২৬ সম্মেলনের মাত্র ৫ দিন বাকি থাকতে চুক্তি থেকে বের হয়ে যাওয়ার কথা যুক্তরাষ্ট্রের। প্যারিস চুক্তি থেকে বের হয়ে গেলেও জাতিসংঘের জলবায়ু কনভেনশনের সঙ্গে যুক্ত থাকবে যুক্তরাষ্ট্র। এদিকে ডেমোক্র্যাটরা বলছেন, তারা ট্রাম্পকে পরাজিত করতে পারলে প্যারিস জলবায়ু চুক্তিতে আবার ফিরে আসবে যুক্তরাষ্ট্র। উল্লেখ্য, সম্মেলনটি চিলিতে হওয়ার কথা থাকলেও সরকারবিরোধী বিক্ষোভের কারণে বাতিল করা হয়। পরে স্পেন আগ্রহ দেখায় সম্মেলন আয়োজনে।