২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জেএসসি-পিইসির ফল প্রকাশের প্রস্তাব

আপডেট : ০২ ডিসেম্বর ২০১৯, ২২:৩৬

আগামী ২৯ থেকে ৩১ ডিসেম্বরের মধ্যে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি), জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি), প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও এবতেদায়ি শিক্ষা সমাপনীর ফল প্রকাশের প্রস্তাব করা হয়েছে। সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এই তিন দিনের যে কোনো এক দিন ফল প্রকাশে প্রধানমন্ত্রীর সম্মতি চেয়ে তার কার্যালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে।

তথ্য অনুযায়ী, ২৭ ও ২৮ ডিসেম্বর সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। আর ৩০ ডিসেম্বর সোমবার মন্ত্রিপরিষদ বিভাগের নির্ধারিত সভা। ৩১ ডিসেম্বর বছরের শেষ দিন। সেই হিসেবে ২৯ ডিসেম্বর রবিবার প্রধানমন্ত্রী সময় দিলে ঐ দিনই ফল প্রকাশের সম্ভাবনা বেশি।

জানা যায়, এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছে ২৬ লাখ ৬১ হাজার ৬৮২ জন শিক্ষার্থী। অপরদিকে পিইসি ও এবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশ নিয়েছে ২৯ লাখ ৩ হাজার ৬৩৮ জন শিক্ষার্থী।