ঢাকার নবাবগঞ্জ উপজেলার টিকরপুর গ্রামের একটি জঙ্গল থেকে গত রবিবার পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক ছেলেকে উদ্ধার করে পুলিশ। কিন্তু গত দুই দিনেও সন্ধান মেলেনি তার মা-বাবার।
নবাবগঞ্জ থানাধীন গালিমপুর তদন্ত কেন্দ্রের সহকারী উপপরিদর্শক রুহুল আমিন শিকদার জানান, রবিবার বেলা ২টার দিকে টিকরপুর গ্রামের কাস্টম অফিসার বাবুল সাহেবের বাড়ির পাশে একটি জঙ্গলে এক নবজাতক কান্না করছে বলে ঐ গ্রামের আয়শা বেগম নামে এক নারী পুলিশকে জানায়। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতক ছেলেটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মোস্তফা কামাল বলেন, শিশুটি কোথা থেকে এবং কীভাবে এলো জানার চেষ্টা চলছে এবং প্রকৃত অভিভাবককে খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে।
