কুষ্টিয়ায় দুই ভাই হত্যায় চার জনের ফাঁসি

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:০৮

কুষ্টিয়ার ভেড়ামারায় মেয়েদের উত্ত্যক্তকরণে বাধা দেওয়ায় দুই ভাইকে হত্যা মামলার রায়ে চার আসামির ফাঁসি ও সাতজন যাবজ্জীবন ও এক শিশু আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত। গত রবিবার কুষ্টিয়া নারী ও শিশু নির্যাতন দমন বিশেষ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন। ফাঁসির আসামিরা হলো—ভেড়ামারা উপজেলার গোলাপনগর গ্রামের নুরুল ইসলামের ছেলে কমল হোসেন মালিথা, ফকিরাবাদ গ্রামের কাবুল প্রামাণিকের দুই ছেলে কামরুল প্রামাণিক ও সুমন প্রামাণিক, একই এলাকার নজরুল ইসলামের ছেলে নয়ন শেখ।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলো—উপজেলার ফকিরাবাদ গ্রামের শের আলীর দুই ছেলে নজরুল শেখ ও লালিম শেখ, আকুল মণ্ডলের ছেলে মাহফুজুর রহমান, বেনজির প্রামাণিকের ছেলে হূদয় আলী, নাজির প্রামাণিকের ছেলে সম্রাট আলী প্রামাণিক, গোলাপনগর এলাকার মৃত নুরুল হক মালিথার ছেলে জিয়ারুল ইসলাম ওরফে সিহাব মালিথা ও আশরাফ মালিথা। তাদের যাবজ্জীবন কারাদণ্ড ছাড়াও প্রত্যেকের ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক বছরের কারদণ্ড দেওয়া হয়। বয়স বিবেচনায় অপর শিশু আসামি আরিফ মালিথাকে ১০ বছর কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়।