‘অলি এলডিপির একা মালিক নন’

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ০০:২৭

 ‘নির্বাচন কমিশনে এলডিপির (লিবারেল ডেমোক্রেটিক পার্টি) নিবন্ধন আমার নামে, এটা আমার দল, অন্য কেউ এর মালিকানা দাবি করতে পারেন না’—দলটির সভাপতি ড. কর্নেল (অব.) অলি আহমদের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছেন সম্প্রতি দল থেকে বের হয়ে নতুন কমিটি ঘোষণাকারী নেতারা। গতকাল সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত বর্ধিত সভায় এলডিপির বিদ্রোহীদের গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য সচিব শাহাদাত হোসেন সেলিম বলেন, ‘কোনো রাজনৈতিক দলের মালিক ব্যক্তি হতে পারেন না। অলি এলডিপির একা মালিক নন।’

সেলিম জানান, এ মাসেই কাউন্সিল করে এলডিপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সেই কাউন্সিলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপি ও ২০ দলের অন্যান্য শরিক দলের নেতা এবং সুশীল সমাজের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। পূর্ণাঙ্গ কমিটি গঠনের আগ পর্যন্ত আহ্বায়ক কমিটি দায়িত্ব পালন করবে। সেলিমের দাবি, গতকালের বর্ধিত সভায় ৩০ জেলার এলডিপির নেতারা অংশ নিয়েছেন। তারা অলি আহমদের একক নেতৃত্বের রাজনীতি পছন্দ করেন না বলেই এখানে এসেছেন। সেলিম আরো বলেন, ‘অলি আহমদ বিশেষ উদ্দেশ্য নিয়ে ‘জাতীয় মুক্তিমঞ্চ’ গঠন করেছেন। জামায়াতের অর্থ ও জনবল নিয়ে জাতীয় মুক্তিমঞ্চ গঠন করা হয়েছে। তিনি দ্রুত ক্ষমতা দখল করতে চান। আমরা তার উদ্দেশ্য নিয়ে সন্দিহান হয়েই তার কাছ থেকে সরে এসেছি।’

সভায় সভাপতিত্বকারী নবগঠিত এলডিপির আহ্বায়ক আব্দুল করিম আব্বাসী বলেন, বিএনপি সরকারে থাকাবস্থায় ১২ বছর আগে ৩৫ জন সংসদ সদস্য বেরিয়ে এসে অলি আহমদকে তো মেনে এলডিপি গঠন করেছিলাম। বিএনপি থেকে আমরা বের হয়েছিলাম দল ও সংগঠনে গণতন্ত্র প্রতিষ্ঠার আশায়। কিন্তু দল পরিচালনায় অলির একনায়কসুলভ মানসিকতায় আমরা হতাশ হয়েছি। তাই নতুন দল গঠন করতে বাধ্য হয়েছি। তিনি বলেন, অলি আহমদ সম্পূর্ণ একনায়ক ও স্বৈরাচারী কায়দায় দল পরিচালনা করেছেন। তার স্বৈরাচারী কর্মকাণ্ডের জন্য তাকে বাদ দিয়ে এলডিপির নতুন কমিটি গঠন করেছি। এলডিপির প্রতিষ্ঠাকালীন নেতা আব্দুল গণি বলেন, অলি এলডিপি পরিচালনায় কখনো গণতান্ত্রিক ছিলেন না। সাংবাদিকদের প্রশ্নের জবাবে শাহাদাত হোসেন সেলিম বলেন, বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোটেই থাকবে আমাদের এলডিপি।