প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন বলেছেন, ‘সুপ্রিম কোর্টের বিভিন্ন শাখায় অনিয়মের অভিযোগ ঠেকানোর জন্য সিসি ক্যামেরা বসানো হয়েছে। কিন্তু এখন দেখি সিসি ক্যামেরা সংলিত কক্ষের বাইরে এসে এফিডেভিট করে।’ গতকাল সোমবার আপিল বিভাগের দৈনন্দিন কার্যতালিকায় একটি মামলা অন্তর্ভুক্তি নিয়ে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এ মন্তব্য করেন। এ সময় বেঞ্চে আপিল বিভাগের অন্যান্য বিচারপতি উপস্থিত ছিলেন। গতকাল অ্যাটর্নি জেনারেল আদালতে বলেন, ‘আজকের কার্যতালিকার ৩ নম্বরে সরকার বনাম তপন কুমার সাহার মামলাটি (সিভিল পিটিশন নম্বর ৩৯৯৪/২০১৮) থাকার কথা। কিন্তু এখন দেখছি সেটা ৮৭ নম্বরে। এটা কীভাবে হলো?’ প্রধান বিচারপতি বলেন, ‘সিসি কামেরা বসালাম (এফিডেভিট শাখা কক্ষে), এখন সবাই বাইরে এসে এফিডেভিট করে।’ অ্যাটর্নি জেনারেল বলেন, অনেকেই মামলার তালিকা ওপর-নিচ করে কোটিপতি হয়ে গেছে।
এরপর প্রধান বিচারপতি তাত্ক্ষণিক এক আদেশে ডেপুটি রেজিস্ট্রার মেহেদী হাসানকে কোন প্রক্রিয়ায় মামলা আপিল বিভাগের কার্যতালিকাভুক্ত করা হয় তার ব্যাখ্যা দেন। এ সময় প্রধান বিচারপতি তাকে মামলা কার্যতালিকাভুক্ত করার ক্ষেত্রে সতর্কতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
