‘কল্পতরু’র ভরতনাট্যম নৃত্যোত্সব

হেমন্ত সন্ধ্যায় নূপুরের নিক্কন

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২০:০৮

 

শীত আগমনের সঙ্গে শহরে সংস্কৃতিক আয়োজনের সংখ্যাটাও বেড়ে যায়। শুরু হয়েছে ‘কল্পতরু’র আয়োজনে ৩ দিনব্যাপী ভরতনাট্যম নৃত্যোত্সব ‘রঙ্গার্পণ’। হেমন্ত সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে বেজে ওঠে নূপুরের নিক্কন। উত্সবের শুরুর দিন নৃত্য পরিবেশন করেন শুদ্ধা শ্রীময়ী দাস।

তার নান্দনিক নৃত্যশৈলীতে মুগ্ধ উপস্থিত দর্শকরা। উত্সবের প্রথমদিন প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে উত্সব উদ্বোধন করেন কল্পতরুর অধ্যক্ষ নৃত্যশিল্পী লুবনা মারিয়াম। সূচনা সংগীত পরিবেশন করেন নান্দ কুমার উনিকৃষ্ণ। এরপর উদ্বোধনী দিনের পরিবেশনা উপস্থাপন করেন শুদ্ধা শ্রীময়ী দাস। দেড় ঘণ্টাব্যাপী পরিবেশনায় ভরতনাট্যমের আশ্রয়ে শিল্পী উপস্থাপন করেন প্রাচীন ভারতীয় নৃত্যকলার অনন্য সাধারণ নৃত্যশৈলী। উঠে আসে কৃষ্ণসহ রাম-সীতার নানা ঘটনাবলি। কর্ণাটকি সংগীতের বিখ্যাত ভারতীয় যন্ত্রসংগীত শিল্পীরা যোগ দিয়েছেন এই উত্সবে। তিন শিল্পীর পরিবেশিত নৃত্য প্রযোজনায় নাট্টুভাঙ্গমে সুর ছড়ান কির্তী রামগোপাল। গতকাল উত্সবের দ্বিতীয় দিনের নৃত্য উপস্থাপন করেন শাম্মি আখতার। আজ জুয়েইরিয়াহ মৌলির পরিবেশনার মাধ্যমে শেষ হবে উত্সব।

ছবি তুলেছেন:তন্ময় মির্জা