জাকার্তায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে বোমা বিস্ফোরণ,আহত ২

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২১:০১

রয়টার্স

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ন্যাশনাল মনুমেন্ট পার্কে বোমা বিস্ফোরণে সামরিক বাহিনীর দুই সদস্য আহত হয়েছেন। মঙ্গলবারের এ ঘটনার সময় প্রেসিডেন্ট জোকো উয়িদোদো প্রাসাদে ছিলেন না বলে প্রেসিডেন্টের মুখপাত্র জানিয়েছেন।

জাকার্তার পুলিশপ্রধান গাতোত এড্ডি প্রামোনো এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, পার্কে যে বিস্ফোরণটি ঘটেছে তা একটি স্মোক গ্রেনেড হতে পারে। তিনি বলেন, এ ঘটনায় আহত দুই সামরিক কর্মকর্তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিস্ফোরণটি কোনো সাম্প্রদায়িক হামলার জেরে করা হয়েছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি তদন্ত করলেই পরিষ্কার হবে। জাকার্তার সামরিকপ্রধান একো মার্গিয়োনো জানিয়েছেন, আহত ঐ দুই কর্মকর্তা পার্কে ব্যায়াম করার সময় বিস্ফোরণটি ঘটে।

বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম অধ্যুষিত এ দেশটি গত কয়েক বছর ধরে জঙ্গি সমস্যার মোকাবিলা করছে। গত মাসে ২৪ বছর বয়সি এক বিশ্ববিদ্যালয় ছাত্র দেশটির মেদান শহরের পুলিশ দপ্তরের সামনে বিস্ফোরণে নিজেকে উড়িয়ে দেন। ঐ ঘটনায় আরো ছয় জন আহত হয়েছিল। এ হামলাটির সঙ্গে ইসলামিক স্টেটের দ্বারা অনুপ্রাণিত ইন্দোনেশিয়ার জঙ্গিগোষ্ঠী জামাহ আনশারুত দৌলাহ-র (জেএডি)  সম্পর্ক ছিল। দেশটিতে চালানো ধারাবাহিক কয়েকটি হামলার জন্য এ গোষ্ঠীটি দায়ী।