বরিশাল অফিস
রেজিস্ট্রার্ড চিকিত্সক না হয়েও জনসাধারণের সঙ্গে প্রতারণা করায় বরিশালে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৮।
সোমবার সন্ধ্যায় র্যাবের অভিযানে আটকের পর তাকে ৬ মাসের কারাদণ্ড দেয় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম অলিউর রহমান তোহা।
জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল জানান, সম্প্রতি সদর উপজেলার চন্দ্রমোহন এলাকার কহিনূর বেগম কথিত চিকিত্সক তোহার কাছে চিকিত্সা নিতে গেলে প্যারালাইজড হয়ে যান। এ ঘটনায় কহিনূরের পক্ষে তার স্বজনরা বিষয়টি লিখিতভাবে প্রশাসনকে জানিয়ে প্রতিকার দাবি করেন। সোমবার সন্ধ্যায় র্যাবের সহায়তায় জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত চন্দ্রমোহন বাজারে অভিযান চালিয়ে রোগীদের চিকিত্সা দেওয়ার সময় তোহাকে হাতেনাতে আটক করে। তার চেম্বার থেকে সরকারিভাবে নিষিদ্ধ কিছু ওষুধ উদ্ধার করা হয়। তবে ঐ ওষুধ এবং নিজের বৈধ কোনো চিকিত্সা সার্টিফিকেট দেখাতে পারেননি তিনি। চিকিত্সার নামে জনসাধারণের সঙ্গে প্রতারণার দায়ে তোহাকে ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
