ভূতুড়ে রেফারিংয়ে জয়বঞ্চিত বাংলাদেশ

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২১:২৫

এস এ গেমস ফুটবল

বিবর্ণ স্বর্ণজয়ের স্বপ্ন

মালদ্বীপ ১-১ বাংলাদেশ

 স্পোর্টস রিপোর্টার

মালদ্বীপের বিপক্ষে এসএ গেমস ফুটবলে শুরুতে এগিয়ে গিয়েও ১-১ ড্র নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হারের পর এই ড্রয়ের ফলে ফাইনালের পথটা অনেকটাই ফিকে হয়ে গেছে জামাল ভুঁইয়াদের জন্যে।

প্রতিপক্ষ রক্ষণের ভুলে প্রথমার্ধে এগিয়ে গিয়েছিল বাংলাদেশ। ৩০তম মিনিটে রবিউল হাসান লম্বা থ্রোতে মাথা ছুঁইয়ে দিয়েছিলেন ডিফেন্ডার রিয়াদুল হাসান রাফি। তার হেড মালদ্বীপ গোলরক্ষক দারুণভাবে ঠেকিয়ে দিলেও ডিফেন্ডার আকরাম ঘানির গায়ে লেগে জড়িয়ে যায় জালে। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ।

জেমি ডের শিষ্যরা এর আগেই অবশ্য এগিয়ে যেতে পারত। কিন্তু বাদ সাধে বাজে রেফারিং। রাফির বাড়ানো ক্রস মালদ্বীপ গোলরক্ষক ঠিকঠাক আয়ত্তে নিতে পারেননি। বারপোস্টে লেগে ফরোয়ার্ড নাবিব নেওয়াজ জীবনের কাছে চলে আসে বল। সুযোগটা হাতছাড়া করেননি আবাহনী ফরোয়ার্ড। বলটা মালদ্বীপের জালে জড়ালেও রেফারি যখন কর্নারের বাঁশি বাজালেন জীবনের চোখে-মুখে তখন তীব্র অবিশ্বাস। এরপর ৩০তম মিনিটে আত্মঘাতী গোলটির সুবাদে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে জেমি ডের শিষ্যরা।

গোল হজম করে দ্বিতীয়ার্ধেই ফিরে আসার মরিয়া চেষ্টা চালিয়েছিল মালদ্বীপ। ৬০তম মিনিটে ভাগ্যগুণে বেঁচে ফিরলেও ৭০ মিনিটে গোলরক্ষক আনিসুর রহমান জিকোর ভুলে অগ্রগামিতা হারায় বাংলাদেশ।

মালদ্বীপ ফরোয়ার্ড ইব্রাহিমের কাছের পোস্টে নেওয়া শট ঠেকাতে ব্যর্থ হন বসুন্ধরা কিংসের এই গোলরক্ষক। সমতায় এসে এগিয়ে যাওয়ারও সুযোগ পেয়েছিল মালদ্বীপ। এদিকে বাংলাদেশ পুরো দ্বিতীয়ার্ধেই সুযোগ তৈরি করেছে মোটে একটি। তাই তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া হয়নি জামাল ভুঁইয়াদের।

এই ড্র দুই ম্যাচ শেষে বাংলাদেশকে ঠেলে দিয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। শ্রীলঙ্কার পয়েন্ট সমান হলেও তারা খেলেছে মোটে এক ম্যাচ, এগিয়ে আছে গোলগড়েও। স্বর্ণজয়ের আশা বাঁচিয়ে রাখতে তাই শেষ দুই ম্যাচে শ্রীলঙ্কা আর স্বাগতিক নেপালকে হারানোর ‘দুঃসাধ্য’ কাজটা তো করতে হবেই, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচগুলোর দিকেও।