ভারতীয় হাইকমিশন সমীপে

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২১:৫০

প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর মানুষ বিভিন্ন উপলক্ষ্যে ভারত ভ্রমণ করে থাকে। এজন্য সবারই ভিসা প্রয়োজন হয়। আর ভিসা সংগ্রহের জন্য ঢাকার বাসিন্দাদের আবেদন করতে হয় যমুনা ফিউচার পার্কে ইন্ডিয়ান ভিসা অ্যাপলিকেশন সেন্টারে। আবেদনপত্র এবং পাসপোর্ট যাচাই-বাছাই করে জমা নিয়ে আবেদনকারীকে একটা টোকেন দেওয়া হয়। সেখানে পাসপোর্ট ডেলিভারির ডেট উল্লেখ থাকে। নির্দিষ্ট তারিখে আবেদনকারীকে নিজে গিয়ে এই টোকেন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে হয়। কোনো প্রাধিকার পত্র (অথরিটি লেটার) গ্রহণ করে পাসপোর্ট ডেলিভারি দেওয়া হয় না। একসঙ্গে বাবা-মা, ভাইবোন, স্বামী-স্ত্রীর পাসপোর্ট জমা থাকলে একজন গিয়ে সমস্ত পাসপোর্ট নিতে পারেন। অথরিটি লেটার গ্রহণ না করায় অনেক অসুস্থ লোককে কষ্ট করে নিজে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে হয়। রোগীর সঙ্গে অ্যাটেনডেন্ট ছাড়া ভিসা দেওয়া হয় না। কিন্তু সেই অ্যাটেনডেন্ট যদি অন্য গুরুত্বপূর্ণ কাজে যুক্ত থাকেন, তাহলে অসুস্থ ব্যক্তিকে কষ্ট করে নিজে গিয়ে পাসপোর্ট সংগ্রহ করতে হয়। অথরিটি লেটার অধিকাংশ দাপ্তরিক কাজে গ্রহণযোগ্য হলেও ভারতীয় হাইকমিশন বা ইন্ডিয়ান ভিসা অ্যাপলিকেশন সেন্টার কেন গ্রহণ করে না, তা বোধগম্য নয়। পরিশেষে, অথরিটি লেটার গ্রহণ করে পাসপোর্ট দেওয়ার ব্যবস্থা করতে ভারতীয় হাইকমিশন সমীপে বিনীত আবেদন জানাচ্ছি।

শেখ ফরিদ আহমদ

পরিচালক, এলিট ফোর্স, বাড়ি ৩, সড়ক ৬/এ, ব­ক-জে, বারিধারা, ঢাকা ১২১২