ইত্তেফাক রিপোর্ট
নিরাপদ খাদ্য পরীক্ষায় এখন থেকে রাজধানীতে ঘুরে বেড়াবে পরীক্ষাগার। খাবার নিরাপদ কি না তা পরীক্ষা করবে। শুধু তাই নয়, দূষণ ও ভেজালের বিভিন্ন উত্স এবং কীভাবে আমরা খাদ্য নিরাপদ রাখতে পারি সে সম্পর্কিত ভিডিও প্রদর্শন করে মানুষকে সচেতন করা হবে।
গতকাল মঙ্গলবার স্থানীয় একটি হোটেলে এই ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগারের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, এই পরীক্ষাগারের মাধ্যমে নিরাপদ খাদ্যের নিশ্চয়তার বিষয়টি আরো একধাপ এগিয়ে যাবে। পর্যায়ক্রমে প্রতিটি জেলায় এই ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য পরীক্ষাগার তৈরি করা হবে। খাদ্যমন্ত্রী বলেন, অতি লোভ ও মুনাফার লোভে একদল ভেজালকারী খাদ্যে ভেজাল মেশাচ্ছে। তিনি ভেজাল প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ভেজালের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, গড়ে তুলতে হবে আন্দোলন।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান সারোয়ার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদ, এফএও এর বাংলাদেশের প্রতিনিধি রবার্ট ডি সিম্পসন, ইউএসএআইডি-এর প্রতিনিধি ডক্টর ওসাগি প্রমুখ উপস্থিত ছিলেন।
