১১ দফা দাবি

খুলনায় পাটকল শ্রমিকদের ২৪ ঘণ্টার ধর্মঘট

আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৯, ২২:৩৭

বকেয়া মজুরি পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে খুলনা-যশোর অঞ্চল, চট্টগ্রাম ও নরসিংদীর রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা ২৪ ঘণ্টার ধর্মঘট পালন করেছেন। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল মঙ্গলবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়ে আজ বুধবার সকাল ৬টায় এ ধর্মঘট শেষ হওয়ার কথা। ধর্মঘটের কারণে গতকাল মঙ্গলবার এসব অঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকলের উত্পাদন বন্ধ ছিল।

খুলনা অফিস জানায়, এ অঞ্চলে ৯ পাটকলে ৩০ হাজার শ্রমিকের ১২ সপ্তাহের মজুরি-বেতন বাবদ শ্রমিক-কর্মচারীদের প্রায় ৫২ কোটি টাকা বকেয়া পড়েছে। ধর্মঘটের সমর্থনে গতকাল শ্রমিকরা ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলের সামনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও বিকাল ৪টায় স্ব স্ব মিল গেটে পৃথক সমাবেশ করেন। 

চট্টগ্রাম অফিস জানায়, রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ-নন সিবিএ সংগ্রাম পরিষদের নেতাদের সঙ্গে শ্রমিকরা গতকাল ভোর থেকে মিল গেটে অবস্থান নেন। এতে পাটকলগুলোর উত্পাদন বন্ধ হয়ে যায় বলে জানান আমিন জুট মিল সিবিএর দপ্তর সম্পাদক কামাল উদ্দিন।

নরসিংদী প্রতিনিধি জানান, ধর্মঘটে ইউএমসি জুট মিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, নন সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ঐক্য পরিষদের নেতৃবৃন্দ নেতৃত্ব দেন। ১০ সপ্তাহের বকেয়া বেতন ও পিএফের টাকা প্রদানসহ ১১ দফা দ্রুত মেনে নেওয়ার আহ্বান জানান তারা। আগামী ৯ ডিসেম্বরের মধ্যে দাবি বাস্তবায়ন না হলে অনির্দিষ্টকালের ধর্মঘটসহ অনশন কর্মসূচি পালন করবে বলে হুঁশিয়ারি দেন পাটকল শ্রমিকরা।