আধুনিক সভ্যতার নিদর্শন খ্যাত শহরের উদ্বোধন কিমের

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০০:৩৬

উত্তর কোরিয়ার নেতা কিম জং উন একটি নতুন শহরের উদ্বোধন করেছেন। লাল ফিতা কেটে তিনি শহরটির উদ্বোধন করেন। সামজিওন নামের শহরটিকে আধুনিক সভ্যতার অন্যতম নিদর্শন হিসেবে উল্লেখ করা হচ্ছে। শহরটি কিম জং ইলের জন্মস্থান ছিল বলে শোনা যায়। দুই বছর আগে পরিদর্শনে গিয়ে শহরটিকে আধুনিকায়ন করার কথা জানান কিম। দুই থেকে তিন কিলোমিটার আয়তনের শহরে নতুন করে সাড়ে ৪শ’ ভবন নির্মাণ করা হয়েছে। উত্তর কোরিয়ার মিডিয়া বলছে, শহরটির সঙ্গে অন্যান্য শহরের আধুনিকতার অনেক পার্থক্য রয়েছে। শহরটি তৈরিতে কতো খরচ হয়েছে তা জানা যায়নি। তবে দেশটির বেশিরভাগ মানুষ যখন দারিদ্রসীমার নীচে বাস করছে তখন এমন শহর নির্মান নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। শহরটিতে ৪ হাজার পরিবার বাস করতে পারবে। তবে নতুন করে শহরে বাস করতে কেউ এসেছেন কিনা তা জানা যায়নি। -বিবিসি