যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের সামরিক জোট ন্যাটোর সম্মেলনে যোগ দিতে ব্রিটেনে গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি লন্ডনে পৌঁছান। সেখানে এক সংবাদ সম্মেলনে ন্যাটোভুক্ত গুরুত্বপূর্ণ সদস্য ফ্রান্সের প্রেসিডেন্টের কঠোর সমালোচনা করেন। ব্রিটিশ নির্বাচন নিয়ে কথা না বলার কথা থাকলেও তা নিয়েও মন্তব্য করেছেন তিনি। এছাড়া নিজের অভিশংসন, ইরান ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে নিয়েও কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প। খবর আল-জাজিরা ও রয়টার্সের
ন্যাটো নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁর মন্তব্যকে খুবই নোংরা উল্লেখ করে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ম্যাক্রঁ খুবই অমর্যাদাকর কথা বলেছেন ও ন্যাটোভুক্ত অন্যান্য দেশকে বিদ্রুপ করেছেন। ফরাসি অর্থনীতির অবস্থা খারাপ দিকে যাচ্ছে বলে জানান টাম্প। ম্যাক্রঁ এর আগে বলেছিলেন, ন্যাটো অকার্যকর হয়ে পড়েছে। সংস্থাটির ব্রেন ডেথ হয়েছে।
৫২ মিনিটের সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ট্রাম্প ব্রিটিশ নির্বাচন নিয়ে সরাসরি মন্তব্য না করলেও বলেন, তিনি ব্রেক্সিটের ভক্ত এবং প্রধানমন্ত্রী বরিস জনসনকে খুব পছন্দ করেন। অথচ প্রধানমন্ত্রী বরিস নির্বাচন নিয়ে কোনো ধরনের মন্তব্য না করতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছিলেন। আর ইউরোপীয় ইউনিয়ন অভিযোগ করে আসছে, ইইউকে ভাঙার চেষ্টা করছেন প্রেসিডেন্ট ট্রাম্প। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে তিনি ‘রকেট ম্যান’ হিসেবে উল্লেখ করেন। কারণ কিম জং উন রকেট ছুড়তে ভালোবাসেন। ট্রাম্প দাবি করেন, ইরানে চলমান বিক্ষোভে সরকার সম্ভবত হাজার হাজার মানুষকে হত্যা করেছে। সরকার ইন্টারনেট বন্ধ করে দিয়েছে যাতে হত্যার বিষয়ে কেউ কিছু জানতে না পারে। প্রেসিডেন্ট ট্রাম্প তার বিরুদ্ধে অভিশংসন তদন্তের জন্য ডেমোক্র্যাটদের কঠোর সমালোচনা করেন।
