মিরপুরে বাসা থেকে দুই নারীর লাশ উদ্ধার

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০০:৪৩

রাজধানীর মিরপুর-২ এলাকার একটি বাসা থেকে রহিমা বেগম কমলা (৬০) ও সুমি আক্তার (২০) নামে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মিরপুর-২ এর ২ নম্বর রোডের ৯ নম্বর বাসার চতুর্থ তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে তাদের লাশ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, সোমবার রাতের কোনো এক সময় তাদের শ্বাসরোধে হত্যা করা হতে পারে। ঘটনার পর সোহেল নামে কমলার একজন পালিত সন্তান পলাতক রয়েছে।

পুলিশের মিরপুর বিভাগের উপ-কমিশনার মোস্তাক আহম্মেদ জানিয়েছেন, বৃদ্ধা কমলা ঐ ফ্ল্যাটে ভাড়া থাকতেন। গৃহকর্মী সুমি আক্তার মাঝে মধ্যে ঐ ফ্ল্যাটে এসে কাজ করতো। গতকাল মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ঐ ফ্ল্যাটের লোকজনের কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সন্দেহ হয়। পরে খবর পেয়ে পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে দুই জনের লাশ দেখতে পায়।

তিনি বলেন, কমলা নামের ঐ নারী দুই রুমের বাসাতে একাই থাকতেন। মাঝে মধ্যে গৃহকর্মী সুমি বাসায় এসে কাজ করতো। তাদের লাশ পড়ে থাকলেও শরীরে বড়ো ধরনের কোনো আঘাতের চিহ্ন নেই। ধারণা করা হচ্ছে তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নিহত কমলার বিস্তারিত পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। ঐ এলাকায় তার কোনো স্বজন রয়েছে কি না তা খোঁজ নেওয়া হচ্ছে। তবে প্রতিবেশীরা জানিয়েছেন তার একজন পালিত সন্তান রয়েছে। তিনি পেশায় ট্রাকচালক। মাঝে মধ্যে তিনি ঐ বাসায় আসতেন। গত সোমবারও এসেছিলেন। কিন্তু ঘটনার পর তার হদিস পাওয়া যায়নি। দুই জনকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হলেও কেনো হত্যা তা স্পষ্ট নয়।

মিরপুর থানার পরিদর্শক (অপারেশন্স) দুলাল হোসেন জানিয়েছেন, বাসার আসবাবপত্র ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে ছিল। তবে কিছু খোয়া গেছে কি না তা নিশ্চিত হওয়া যায়নি। তবে অন্য ফ্ল্যাটের গৃহকর্মীরা জানিয়েছেন, তারা নিহত সুমি আক্তারকে চিনতেন। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়ার বাদুরতলা এলাকায়। ঐ ঠিকানার সূত্র ধরে তার স্বজনদের খবর দেওয়া হবে।

এদিকে, ঘটনাস্থলে সিআইডির ক্রাইমসিন ইউনিটের সদস্যরা হত্যার বিভিন্ন আলামত সংগ্রহ করেছে।