আওয়ামী লীগের নেতা কর্মীরা ইতিহাসে বিরল নির্যাতন সহ্য করেছে ------গৃহায়ন ও গণপূতমন্ত্রী

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ০১:১৯

বাংলাদেশ আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা অতীতে এত বেশি নির্যাতন-নিপীড়ন সহ্য করেছে যা ইতিহাসে বিরল। তিনি বলেন, আওয়ামী লীগ একটি পরিবার। এ পরিবারের সকল সদস্যকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দল ভালো থাকলে; আমরা ভালো থাকব। তিনি গতকাল মঙ্গলবার জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে আরো বলেন, নেতাদের আচার-ব্যবহারে সাধারণ মানুষ এবং দলীয় কর্মীরা যাতে কষ্ট না পান সেদিকে খেয়াল রাখতে হবে। গঠনতন্ত্র অনুযায়ী দলের সকল কর্মকাণ্ড এবং সকল পর্যায়ের কমিটি গঠনের জন্য তিনি জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান। পিরোজপুর গোপাল কৃষ্ণ টাউন ক্লাব মিলনায়তনে জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়ালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও পিরোজপুরের পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. এম এ হাকিম হাওলাদার, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন মহারাজ, মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র রফিউদ্দিন ফেরদৌস, জেলা সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী প্রমুখ।

‘ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের স্থান নেই’

এদিকে স্বরূপকাঠি (পিরোজপুর) সংবাদদাতা জানান, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বাংলাদেশে হিন্দু, মুসলিম, খ্রিষ্টান, বৌদ্ধ সব ধর্মের মানুষ সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বসবাস করছে। বাংলাদেশের সংবিধানও সকল ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করেছে। যে যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করছে। বর্তমান সরকার এ দেশে ইসলাম পরিপন্থি কোনো আইন বাস্তবায়ন করেনি এবং ভবিষ্যতেও করবে না। ইসলাম শান্তির ধর্ম। ইসলামে সন্ত্রাস ও জঙ্গিবাদের কোনো স্থান নেই। সোমবার রাতে বাংলাদেশ ক্বারী সমিতির উদ্যোগে মরহুম হাফেজ ক্বারী সাইদুর রহমান ওয়েল ফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনায় সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত তৃতীয় আন্তর্জাতিক ক্বেরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

ট্রাস্টের উপদেষ্টা সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ মো. শাহ আলমের সভাপতিত্বে সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন ট্রাস্টের সভাপতি মো. মাসুদুর রহমান, বাংলাদেশ ক্বারী সমিতির সভাপতি ক্বারী হাবিবুর রহমান। পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, ইসলামি ফাউন্ডেশনের উপপরিচালক একেএম সাদ উদ্দীন, ইউএনও সরকার আব্দুল্লাহ আল মামুন বাবু, পৌর মেয়র গোলাম কবিরসহ সমাজের বিশিষ্টজনেরা এ সময় উপস্থিত ছিলেন।