ফরায়েজী আন্দোলনের অন্যতম নেতা এবং ভারতবর্ষে ইংরেজ শাসনের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করেন দুদু মিয়া। তত্কালীন পূর্ববঙ্গ ও আসাম প্রদেশের নিপীড়িত জনগণের আত্মশক্তির বিকাশ এবং ঔপনিবেশিক শক্তি ও তাদের দোসরদের বিরুদ্ধে প্রতিরোধ-সংগ্রামের ইতিহাসে দুদু মিয়া ছিলেন অন্যতম মহানায়ক। তাকে নিয়ে ২০১২ সালে নির্মাণ শুরু হয়েছিল চলচ্চিত্র। নাম ‘ফরায়েজী আন্দোলন’। এরপর নানা কারণে ছবির শুটিং আটকে যায়। ২০১৫ সালে ডিসেম্বরের শেষদিকে এসে ছবিটির ক্যামেরা ক্লোজ হয়।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আমিন খান। তার বিপরীতে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেত্রী নওশীন। ছবিটি পরিচালনা করেছেন ডায়েল রহমান। চলতি বছরের ২৭ জুন চলচ্চিত্রটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে। আগামী ২০ ডিসেম্বর ছবিটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।—এমনটাই জানিয়েছেন ছবিটির পরিচালক।
নির্মাতা বলেন, ‘দুদু মিয়ার পরিবার থেকে অনুমতি না পাওয়ায় সিনেমাটি নির্মাণে সময় লেগেছে ৭ বছরের বেশি। তবে এবার সব ঠিকঠাক। প্রযোজক সমিতি থেকে ২০ ডিসেম্বর মুক্তির তারিখ নেওয়া হয়েছে। নির্দিষ্ট তারিখেই মুক্তি পাবে ছবিটি।’
