লক্ষ্মীপুরের রামগতিতে ডাকাতির প্রস্তুতিকালে আটক তিন সন্দেহভাজন ডাকাতকে বুধবার সকালে আদালতে সোপর্দ করেছে পুলিশ। সোমবার গভীর রাতে উপজেলার বয়ারচরের টাংকি সমাজ এলাকা থেকে তেগাছিয়া ক্যাম্পের পুলিশ তাদের আটক করে। এ ঘটনায় রামগতি থানায় ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়।
আটককৃতরা হলেন—নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়া নাপিতের পুল এলাকার মাঈনউদ্দিন ওরফে বাবর (৩২), নোয়াখালী সদর উপজেলার সল্যাকুটিয়া এলাকার মো. এমরান হোসেন (২৪) ও মো. নুর আলম ওরফে সনি।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ টি এম আরিচুল হক বলেন, ডাকাতরা বয়ারচরের টাংকি সমাজ এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ তাদের আটক করা হয়। এ ঘটনায় আটককৃতরা অজ্ঞাতনামা আরো চার-পাঁচ জনকে অভিযুক্ত করে ডাকাতির প্রস্তুতি ও অস্ত্র আইনে রামগতি থানায় মামলা দায়ের করা হয়েছে। ঐ মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।
