গোদাগাড়ীতে মাদকসেবন প্রতিরোধে সচেতনতা কর্মশালা
গোদাগাড়ী (রাজশাহী) সংবাদদাতা রাজশাহীর গোদাগাড়ীতে মাদকসেবন প্রতিরোধে প্রচার বিষয়ক জনসচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র আর্থিক সহযোগিতায় বুধবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শিমুল আকতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি ইমরানুল হক, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দুলাল হোসেন প্রমুখ। কর্মশালায় অভিভাবক, শিক্ষক, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ফুলবাড়ীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিবিষয়ক সেমিনার-কুইজ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক সেমিনার, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। বুধবার দুপুরে ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন (ইউস্যাফ) এর উদ্যোগে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের হল রুমে বিশ্ববিদ্যালয় ভর্তি বিষয়ক সেমিনার, শতাধিক শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সেমিনারে ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শফিকুল ইসলাম সবুজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাহ আজিজ ইমন, রংপুর মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল-আমিন হক লিটন প্রমুখ।
ঈশ্বরদীতে পাকশী বিভাগীয় রেলওয়ের সেবা সপ্তাহ
ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা রেলপথ মন্ত্রণালয়ের প্রতিষ্ঠাবার্ষিকী ও সেবা সপ্তাহের আনুষ্ঠানিকভাবে বুধবার সকালে পশ্চিম রেলের পাকশী বিভাগের বৃহত্তম ঈশ্বরদী জংশন স্টেশনে উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের চীফ সিগন্যাল এন্ড টেলি কমিউনিকেশন প্রকৌশলী সুশীল কুমার হালদার। সভাপতিত্ব করেন পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় বৈদ্যুতিক প্রকৌশলী খায়রুল ইসলাম, ট্রাফিক ইন্সপেক্টর (বাণিজ্যিক) সাজেদুল ইসলাম বাবু, ট্রাফিক ইন্সপেক্টর (পরিবহন) এ কে এম নূরুল আলম। ৪ ডিসেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত সেবা সপ্তাহ উদ্বোধনের আগে রেলওয়ের কর্মকর্তারা যাত্রীদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ট্রেনে লিফলেট বিতরণ করেন।
কাঠালিয়া উপজেলা রোগী কল্যাণ সমিতির কমিটি গঠন
কাঠালিয়া (ঝালকাঠি) সংবাদদাতা ঝালকাঠির কাঠালিয়া উপজেলা রোগী কল্যাণ সমিতির কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা গতকাল বুধবার কাঠালিয়া সদর উপস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মো. বদিউজ্জামান বদু সিকদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতিমা খানম। সভা শেষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাপস কুমার তালুকদারকে সভাপতি ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা পার্থ সারথী দেউরকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্য বিশিষ্ট উপজেলা রোগী কল্যাণ সমিতির কমিটি গঠন করা হয়।
সিরাজগঞ্জে বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ
সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জে বিদ্যুতের প্রিপেইড মিটার বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার সকালে শহরের প্রেসক্লাব নাজমুল চত্বরে সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির উদ্যোগে এই মানববন্ধন কর্মসূচি আয়োজন করা হয়। সিরাজগঞ্জ স্বার্থরক্ষা সংগ্রাম কমিটির আহ্বায়ক ডা. জহুরুল হক রাজার সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মির্জা ফারুক আহাম্মেদ, জেলা বিএমএর সাবেক সভাপতি ডা. আকরামুজ্জামান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহম্মেদ প্রমুখ। কর্মসূচিতে বক্তারা অবিলম্বে প্রি-পেইড মিটার বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার, নতুন আরো স্মার্ট প্রি-পেইড মিটার চালু, বিদ্যুত্ বিভাগের দুর্নীতি ও গ্রাহক হয়রানি বন্ধ করার দাবি জানান।
ভোলায় স্কুল পরিদর্শনে ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ
ভোলা প্রতিনিধি ভোলায় স্কুল পরিদর্শন করেছেন ইউনিসেফ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ তোমো হজুমি। বুধবার সকালে তিনি সদর উপজেলার মনেজা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনে যান। তিনি বিদ্যালয়ে ইউনিসেফের সহায়তায় ও কোস্ট ট্রাস্টের বাস্তবায়নে নির্মিত ওয়াস জোন পরিদর্শনসহ বিদ্যালয় কক্ষ ঘুরে শিক্ষার্থীদের হাতে তৈরি দেয়ালিকা দেখেন। উপস্থিত ছিলেন ইউনিসেফের বরিশাল বিভাগীয় চিফ এ এইচ তৌফিক আহমেদ, ইউনিসেফ ওয়াটার অ্যান্ড স্যানিটেশন কর্মকর্তা মো. ফোরকান আহমেদ, ইউনিসেফের শিশু সুরক্ষা কর্মকর্তা মো. জামিল হোসেন প্রমুখ। পরে তোমো হজুমি ভোলা জেলা সিভিল সার্জন (ভারপ্রাপ্ত) ডা. নিত্যানন্দ চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন এবং মা ও শিশু কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন।
মেলান্দহে ট্রেনের টিকিটসহ আটক দুই কালোবাজারির জরিমানা
মেলান্দহ (জামালপুর) সংবাদদাতা মেলান্দহে ট্রেনের টিকিটসহ কালোবাজারি দুই ভাইকে আটক করা হয়েছে। পরে নূর মোহাম্মদ ফজল কমিশনার ও তার ভাই নজরুল ইসলামকে ১০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও তামিম আল ইয়ামীন। বুধবার দুপুরে মেলান্দহ রেলস্টেশনের কাছে শিমুলতলী রোডের বাসায় অভিযান চালিয়ে আন্তঃনগর তিস্তা ট্রেনের কয়েকটি টিকিটসহ তাদেরকে আটক করে পুলিশ।
রাজশাহীতে খাবার হোটেলকে জরিমানা
স্টাফ রিপোর্টার, রাজশাহী রাজশাহীর নওদাপাড়া নতুন বাস টার্মিনাল সংলগ্ন হোটেল স্টার ইন্টারন্যাশনাল আবাসিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। বুধবার জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক সৈয়দ মোস্তাক হাসান ও সহকারী পরিচালক মো. হাসান আল মারুফ এই জরিমানা করেন। হোটেল স্টার ইন্টারন্যাশনাল আবাসিকে মেয়াদোত্তীর্ণ কোমল পানীয়, পচা শাকসবজি ও খাবার পরিবেশনের অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
ছাগলনাইয়ায় দুই ফার্মেসিকে জরিমানা
ছাগলনাইয়া (ফেনী) সংবাদদাতা ছাগলনাইয়া পৌর শহরের টিঅ্যান্ডটি রোডের ইব্রাহিম প্লাজায় মানারাত হাসপাতাল ফার্মেসি ও রহমান ফার্মেসিকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। সূত্র জানায়, মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, ড্রাগ লাইসেন্স ও ফার্মাসিস্ট না থাকাসহ নানা অভিযোগ প্রমাণিত হওয়ায় মানারাত হাসপাতাল ফার্মেসির ম্যানেজার মাজহারুল হককে ২০ হাজার টাকা ও রহমান ফার্মেসির মালিক মশিউর রহমান শিমুলকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় মেয়াদ উত্তীর্ণ বিপুল পরিমাণ ওষুধ জব্ধ করে ধ্বংস করা হয়। ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাহিদা আক্তার তানিয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
বানারীপাড়ায় বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা বানারীপাড়ায় উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা বুধবার বেলা ১১টায় উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভাপতি নির্বাহী অফিসার শেখ মো. আব্দুল্লাহ সাদীদ। বেসরকারি সংস্থা প্লান ইন্টারন্যাশনালের সহযোগিতায় এবং বাস্তবায়নে ছিল আভাস। আলোচনায় অংশ নেন, মহিলা ভাইস চেয়ারম্যান সৈয়দা তাসলিমা হোসেন ফ্লোরা, মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবুল কালাম আজাদ প্রমুখ।
