চট্টগ্রাম চেম্বার ও চেবু চেম্বারের মধ্যে সমঝোতা চুক্তি

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২১:২৮

দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ এবং বেসরকারি খাতের উন্নয়নে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং ফিলিপিন্সের চেবু চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক অনুষ্ঠানে নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম ও চেবু চেম্বারের পক্ষে ফিলিপিন্স এশিয়া ও প্যাসিফিক অ্যাফেয়ার্সয়ের ইনচার্জ ও সাবেক রাষ্ট্রদূত ম্যায়নার্দো এলবি মন্টিলেগ্রি। এ সময় বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব মাসুদ বিন মোমেন, ম্যানিলাস্থ বাংলাদেশের রাষ্ট্রদূত আসাদ আলম সিয়ামসহ উভয় সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় ও চেম্বারের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার সভাপতি বাংলাদেশের হাইটেক পার্কসহ চট্টগ্রামের মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ফিলিপিন্সের বিনিয়োগ কামনা করেন। মাহবুবুল আলম বাংলাদেশের উন্নতমানের চাল, আলু, ফলমূল, ওষুধ, প্রক্রিয়াজাত খাদ্যসামগ্রী যাতে সহজে ফিলিপাইন্স বাজারে প্রবেশ করতে পারে এ ব্যাপারে প্রতিনিধিদলের সহায়তা কামনা করেন।