আগের বছরগুলোর তুলনায় কয়লার ব্যবহার কম হলেও চলতি বছর বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড নিঃসারণের হার সামান্য বেড়েছে বলে এ-সংক্রান্ত এক গবেষণায় উঠে এসেছে।
গ্লোবাল কার্বন প্রজেক্ট তাদের বার্ষিক মূল্যায়নে ২০১৯ সালে কার্বন ডাইঅক্সাইড নিঃসারণের মাত্রা আগের বছরের তুলনায় দশমিক ৬ শতাংশ বেশি হতে পারে বলে ধারণা দিয়েছে। জ্বালানি তেল ও গ্যাসের ব্যবহারের মাত্রা বেড়ে যাওয়ায় কার্বন ডাইঅক্সাইড নিঃসারণের পরিমাণ বাড়ছে বলে জানিয়েছে তারা। সব মিলিয়ে ২০১৫ সালে স্বাক্ষরিত প্যারিস চুক্তির সময় থেকে এখন পর্যন্ত কার্বন ডাইঅক্সাইড নিঃসারণের পরিমাণ ৪ শতাংশ বেড়েছে। এর মধ্যে গত বছরই বেড়েছিল প্রায় ৩ শতাংশ, যার প্রধান কারণ ছিল চীনে কয়লার বিপুল চাহিদা। কয়লা ব্যবহারের কারণে চলতি বছর বৈশ্বিক কার্বন নিঃসারণের পরিমাণ ১ শতাংশের চেয়ে কম হওয়ার পেছনে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে কয়লার ব্যবহার কমানো বিরাট ভূমিকা রেখেছে।
‘২০১৯ সাল জুড়েই কয়লার ব্যবহার বেশি হবে বলে মনে করা হলেও চীন ও ভারতের অর্থনৈতিক শ্লথ প্রবৃদ্ধির কারণে তা ধারণার চেয়ে অনেক কম হয়েছে। যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের ২৮ দেশেও কয়লার ব্যবহার কমেছে। তবে কয়লার এই কম ব্যবহার ছাপিয়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে জ্বালানি তেল ও গ্যাস ব্যবহার বৃদ্ধির হার।
প্রজেক্টটির অন্যতম গবেষক ইস্ট আংলিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক করিন লে কুয়ের বলেন, ‘কার্বন নিঃসারণ যেহেতু বাড়ছেই, সে কারণে চলতি বছরও কোনো সুসংবাদ নেই। নিঃসারণ তুলনামূলক ধীরগতিতে বাড়ছে, যে কারণে আমাদের কিছু অগ্রগতি হচ্ছে; কিন্তু কার্বন উত্পাদন করে এমন প্রযুক্তি বাতিল করে নবায়নযোগ্য জ্বালানি ব্যবহার বৃদ্ধির জন্য আমাদের পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে।’
