সুদানের রাজধানী খার্তুমে একটি সিরামিক কারখানায় অগ্নিকাণ্ডে ২৩ জন নিহত ও ১৩০ জনেরও বেশি আহত হয়েছে। মঙ্গলবার একটি গ্যাস ট্যাঙ্কার আনলোড করার সময় বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দমকল বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তারা জানিয়েছেন, বিস্ফোরণটি এত শক্তিশালী ছিল যে ট্যাংকারটি উড়ে পাশের একটি মালপত্রের স্তূপের ভেতরে গিয়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা গেছে, দুর্ঘটনাস্থলে লোকজন দৌড়াদৌড়ি করছে ও চিত্কার করে সাহায্য চাইছে। কারখানাটি থেকে আগুনের শিখা ও ধোঁয়া বের হচ্ছে আর স্বেচ্ছাসেবক ও নিরাপত্তা বাহিনীগুলো আগুন নেভানোর চেষ্টা করছে। আগুনে কারখানাটি পুরোপুরি ভস্মীভূত হয়ে গেছে বলে সরকারি বিবৃতিতে বলা হয়েছে। ঘটনাস্থলে থাকা স্বেচ্ছাসেবক হুসেইন ওমর বলেন, ‘আমি ১৪টি মৃতদেহ টেনে বের করেছি। সেগুলো পুরোপুরি দগ্ধ ছিল।’ আহতদের রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
