‘খেলার মাঠে মেলা নয়’

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৯, ২১:৫০

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেছেন, খেলার মাঠে কোনো ধরনের মেলার অনুমতি দেওয়া হবে না। এগুলো শিশু-কিশোররা ব্যবহার করবে। যদি কোথাও কেউ সমস্যা করে, খেলতে না দেয় তাহলে ৩৩৩ এ কল করে অভিযোগ জানানোর কথা বলেছেন মেয়র।

গতকাল বুধবার গুলশানের নগর ভবনে কিশোর-কিশোরীদের সঙ্গে এক সংলাপে এসব কথা বলেন তিনি। ডিএনসিসির স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ইউনিসেফের সহযোগিতায় ‘শিশুবান্ধব শহর’ শিরোনামে এ সংলাপ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ডিএনসিসির আওতাধীন বিভিন্ন অঞ্চল থেকে শিশু-কিশোর বিশেষ করে সুবিধাবঞ্চিত কিশোর-কিশোরীরা অংশ নেয়। এ সময় তারা বিভিন্ন ধরনের সমস্যা এবং সিটি করপোরেশনের কাছে তাদের দাবি-দাওয়া তুলে ধরে। এ সময় কিশোরীরা তাদের খেলাধুলা এবং মাঠ ও পার্কে যাওয়ার নিরাপদ পরিবেশ দাবি করলে আতিক বলেন, আমরা ২৪টি খেলার মাঠ ও পার্কের সংস্কার ও উন্নয়ন করছি যার ১৭টিতেই সিসি টিভি ক্যামেরা এবং এলইডি লাইট থাকবে। বনানী ১৮ এর মাঠে শুধু নারী ও শিশুরা খেলবে। আর বাকিগুলোতে ও একটি নির্দিষ্ট সময়ে বা একটি নির্দিষ্ট জায়গা কিশোরীদের জন্য আলাদা করে দেওয়া যায় কিনা আমরা দেখব।  সংলাপে অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান প্রকৌশলী সাঈদ আহমেদ, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর মনজুর হোসেনসহ ইউনিসেফের প্রতিনিধি উপস্থিত ছিলেন।